পৃথিবীর সব ফুল তাঁকে দিতে ইচ্ছা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ হুমায়ূন আহমেদের জন্মদিন। তিনি নেই। কিন্তু রয়ে গেছে তাঁর স্মৃতি। কাছের মানুষেরা সেসব স্মৃতি হাতড়ে বেড়ান। স্মরণ করেন তাঁকে। এজাজুল ইসলাম দীর্ঘদিন কাজ করেছেন হুমায়ূন আহমেদের সঙ্গে। কাছ থেকে দেখেছেন। জন্মদিনে লিখেছেন তাঁর সেই প্রিয় মানুষকে নিয়ে।

হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ

১৩ নভেম্বর। হুমায়ূন আহমেদ স্যারের কোনো এক জন্মদিন। জয়দেবপুর থেকে ঢাকা আসছি। সঙ্গে গাড়ি ছিল না। লোকাল বাসে উঠেছি। বাস সব জায়গায় থামছে। মোড়ে মোড়ে জ্যাম। অনেক দেরি হচ্ছে। অস্থির লাগছিল। মহাখালী যখন পৌঁছালাম, তখন রাত ১১টা। সিএনজি অটোরিকশা করে সোজা শাহবাগ গেলাম। দেখি ততক্ষণে ফুলের সব দোকান বন্ধ হয়ে গেছে। কী আর করা, শেষে খালি হাতেই গেলাম স্যারের বাসায়।
বসার ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন কমল ভাই। আমাকে দেখে বললেন, ‘এত দেরি হলো যে? খালি হাতে কেন? ফুল কই?’
ধানমন্ডিতে স্যারের বাসার বসার ঘরটি তখন সবার দেওয়া ফুলে ভরা। আমি ওই ফুলগুলোকে দেখিয়ে বললাম, ‘এই যে ফুল—সব আমি এনেছি।’
কমল ভাই আমার কথার উত্তর দেওয়ার আগেই স্যার ভেতর থেকে বসার ঘরে এলেন। আমি স্যারের কাছে গেলাম। তাঁর পা ছুঁয়ে সালাম করলাম। অনেক আনন্দ, অনেক প্রশান্তি তখন আমার মনে।
অনেক রাত। স্যারের বাসা থেকে বের হয়ে ফুটপাত দিয়ে হাঁটছি। মনে মনে ভাবলাম, কমল ভাইকে যে বললাম, ‘সব ফুল আমার’—কথাটা বলা ঠিক হলো? মিথ্যা বললাম?
সঙ্গে সঙ্গে আমার ভেতর থেকে উত্তর পেলাম, না, মিথ্যা বলিনি, ঠিক বলেছি, শ্রদ্ধার মানদণ্ড যদি ফুল হয়ে থাকে, স্যারের প্রতি আমার শ্রদ্ধা, বসার ঘরের সব ফুলের চেয়ে অনেক বেশি।
১৩ নভেম্বর সন্ধ্যা হলেই স্যারের বাসায় যেতে ইচ্ছা করে। তাঁর পা ছুঁয়ে সালাম করতে ইচ্ছা করে। সেদিন স্যারের জন্য ফুল নিয়ে যেতে পারিনি। এই কষ্ট এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়। আজ পৃথিবীর সব ফুল তাঁকে দিতে ইচ্ছা করছে!