পৃষ্ঠপোষক খুঁজছেন অর্ণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ণব
অর্ণব

অর্ণব গান করেন, সুর করেন, ছবি আঁকেন। চলচ্চিত্র তৈরির ব্যাপারে আগ্রহ আছে। সম্প্রতি গিয়েছিলেন ভারতের মুম্বাইয়ে। কলকাতার ছবিতে থাকছে তাঁর গান। এসব নিয়েই সোমবার রাতে মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে।
কেমন আছেন?
ভালো। একটু ব্যস্ত আছি।
কী নিয়ে ব্যস্ততা?
নতুন অ্যালবাম করছি। আমার নিজের গান নিয়ে।
অনেক দিন পর নিজের গান নিয়ে কাজ করছেন।...
তা বছর চারেক তো হবেই। আমার প্রথম অ্যালবাম ছিল চাইনা ভাবিস (২০০৫)। এরপর বেরিয়েছে হোক কলরব (২০০৬), ডুব (২০০৮) আর রোদ বলেছে হবে (২০১০)। মাঝে রবীন্দ্রসংগীত নিয়ে বের করেছিলাম আধেক ঘুমে (২০১২)।
আপনার আগের গানগুলো অনেক শোনা হয়েছে। এবার গানগুলো কেমন হবে?
এবার আমি ইংরেজি গান করেছি। নতুন অ্যালবামে দুটি ইংরেজি গান থাকছে। ইংরেজি গান তো বিভিন্ন দেশেই গাওয়া হয়, কিন্তু এই গান দুটির সুর ও সংগীতে আমাদের দেশের সুরের ছোঁয়া থাকছে। তাই বলে গান দুটি কিন্তু লোকসুরে করিনি। আর অন্য গানগুলো আমার নিজের মতোই হয়েছে।
অ্যালবামের নাম?
বৃষ্টি রাতে। অ্যালবামের কাজ যখন শুরু করেছিলাম, তখন ছিল বর্ষাকাল। খুব বৃষ্টি হচ্ছিল। গানে সেই বৃষ্টির কথা আছে।
অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের অ্যালবাম কবে করবেন?
একটা তো বেরিয়েছে, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ। ওটা ছিল আমাদের ওয়ার্ল্ড টুরের ওপর ভিত্তি করে। দ্বিতীয়টি আশা করছি এ বছরই ডিসেম্বর নাগাদ শ্রোতাদের হাতে দিতে পারব।
ভারতের মুম্বাই গিয়েছিলেন। সেখানে কী কাজ করলেন?
সেখানে কাজ দেখেছি, কিছু কাজের ব্যাপারে কথা হয়েছে। সামনে আবার যাব। সেখানে আমার বন্ধুরা খুব ভালো কাজ করছে।
আর কলকাতার ছবিতে?
মৈনাক ভৌমিক আমার ছোটবেলার বন্ধু। ও একটা ছবি তৈরি করছে। নাম কলকাতা কলিং। ওর ছবিতে আমার চারটা গান থাকছে। অভিনয় করেছেন মুনমুন সেন, রাইমা সেন, রিয়া সেন, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, সম্রাট। শুটিং শেষ। এখন শুটিংয়ের পরের কাজগুলো হচ্ছে।
আপনি এক সাক্ষাৎকারে ছবি তৈরির আগ্রহের কথা বলেছিলেন।
কাজ করছি। আব্বার (চিত্রশিল্পী স্বপন চৌধুরী) ওপর একটা তথ্যচিত্র তৈরি করেছি। তাঁর তো বর্ণাঢ্য জীবন। তার কিছুটা ক্যামেরাবন্দী করার চেষ্টা করেছি। তথ্যচিত্রটির নাম দিয়েছি অন্তরবীক্ষণ৷
আর পূর্ণদৈর্ঘ্য ছবি?
একটু সময় লাগবে। ফিল্মের ওপর পড়াশোনা করতে আগামী বছর লন্ডন যাচ্ছি। যে কাজটা করব, সেটা জেনে-বুঝে করতে চাই।
বাবা বিশিষ্ট চিত্রশিল্পী। আর আপনার আঁকার হাত তো ভালোই।
আমি কিন্তু এখন ছবি আঁকার পেছনে অনেক সময় দিচ্ছি। আব্বার সঙ্গে ছবি আঁকছি। কাজটা দারুণ উপভোগ করছি।
আবার অ্যালবামের প্রসঙ্গে আসি। শ্রোতারা আপনার নতুন গান কবে পাচ্ছেন?
ঈদের আগেই দিতে চাচ্ছি। কিন্তু কোনো প্রযোজনা প্রতিষ্ঠান পাচ্ছি না। কোনো মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গেও আলাপ হয়নি। পৃষ্ঠপোষক লাগবে। যদি কেউ এগিয়ে আসে, তাহলেই এটা দ্রুত বের করা সম্ভব।
কলকাতায় আপনার একটি গানের শিরোনাম নাকি এখন স্লোগান হয়েছে?
হ্যঁা। এটা একটা দারুণ খবর। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে আন্দোলন করছে শিক্ষার্থীরা। শুনেছি ওরা নাকি আমার ‘হোক কলরব’ গানের শিরোনামটি পোস্টারে, দেয়ালে আর স্লোগানে ব্যবহার করছে। ‘হোক কলরব’ ডাক দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। সেখানে রাতদিন এখন আমার এই গান বেজে চলেছে।
১০ মিনিট হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।