পেন্টাগনের ২০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেন্টাগন ব্যান্ডের সদস্যরা
পেন্টাগন ব্যান্ডের সদস্যরা

মোহাম্মদ আলী সুমন—ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজে, শামসুন নূর রঞ্জন—সিঙ্গাপুর এয়ারলাইনসে, মশিউর রহমান শেলী—সিলেট চা-বাগানে, জাবেদ আহমেদ বাবু—ব্যবসা নিয়ে ঢাকায় আর শওকত আলী ইমন—পুরোপুরি গান নিয়ে ব্যস্ত। চাকরি আর ব্যবসা করলেও তাঁরা বিভিন্ন ব্যান্ডের সঙ্গে জড়িত ছিলেন। এই পাঁচজনকে এক করে সুমনের উদ্যোগে ১৯৯৩ সালের ১৩ অক্টোবর গঠন করা হয় নতুন ব্যান্ড—‘পেন্টাগন’। এ বছরই ব্যান্ডটি ২০ বছর পূর্তি উৎসব পালন করে। এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় প্রথম আলোর কার্যালয়ে পেন্টাগন ব্যান্ডের দুই সদস্য সুমন ও অনিতা এক আড্ডায় মিলিত হন। সুমন বলেন, ব্যান্ডের নাম কী রাখা যায় যখন ভাবছি, তখন রঞ্জন ভাই পেন্টাগন নামটি প্রস্তাব করেন। ব্যান্ডের অন্য সদস্যদেরও তা পছন্দ হয়। এভাবেই পেন্টাগনের যাত্রা শুরু।’

প্রতিটি ব্যান্ড গড়ার পেছনে একটা স্বপ্ন থাকে। থাকে নতুন কিছু ভাবনা। পেন্টাগন কোন চিন্তাভাবনা থেকে ব্যান্ড গঠনের কথা ভেবেছিল? ‘চাকরি আর ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও আমরা সবাই কিন্তু গান-অন্তঃপ্রাণ ছিলাম। আমাদের স্বপ্নই ছিল ভালো মিউজিক করা। শ্রোতাদের ভালো লাগে সে ধরনের গান নিয়ে মানুষের কাছে পৌঁছানো’—বললেন সুমন।

প্রথম দিকে পেন্টাগন ইংরেজি, লাতিন, আরবি, জ্যামাইকান কভার সং করত। এরপর ব্যান্ডটি নিজেদের গান করার দিকেও মনোযোগ দেয়। ২০০২ সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম সেই আমি। ২০০৯ সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম এইট ও’ক্লক।

এদিকে প্রথম অ্যালবাম প্রকাশের আগেই ইমন পেন্টাগন ছাড়েন। যোগ দেন আনান। তার কিছুদিন পর যোগ দেন টিপু (অবসকিউর)। প্রথম অ্যালবাম প্রকাশের পর আনান, বাবু ও শেলী পেন্টাগন ছেড়ে নিজেদের মতো করে ব্যস্ত হয়ে পড়েন। এরপর একে একে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে যোগ দেন জীবন, বালাম, মাহবুব, মবিন, দীপ্ত, মাসুম হোসাইন, মাসুম ওয়াহিদ, রাজীব হোসাইন, তানিম, শামস মুনসুর গনি, ফয়সাল, আলিফ, অমি, মেহেদীসহ আরও অনেকে। নিজেদের ব্যস্ততার কারণে তাঁরাও একে একে পেন্টাগন ছাড়েন। বর্তমানে দলটির সদস্য হিসেবে আছেন সুমন (ভোকাল অ্যান্ড গিটার), মোর্শেদ (বেজ গিটার), শামীম (ড্রামস), তাহিসর (কি-বোর্ড অ্যান্ড বেক আপ ভয়েজ), অনিতা (ভোকাল অ্যান্ড পারকারশান), লনি (লিড গিটার)।

২০ বছরে অনেকেই পেন্টাগন ছেড়েছেন। আবার অনেকে যোগও দিয়েছেন। এই পথচলায় কতটা চ্যালেঞ্জ ছিল? এমন প্রশ্নে সুমন বলেন, ‘পেন্টাগন নিয়ে আমার সব সময় একটা জেদ কাজ করে। কোনো কিছুতে হার মানিনি। ধৈর্য ধরেছি। বিশ্বাস করেছি, ব্যান্ড নিয়ে আমি এগিয়ে যাবই। এ ক্ষেত্রে আমরা সফলও হয়েছি বলে বিশ্বাস করি।’

২০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে পেন্টাগনের এ সময়ের সদস্যরা সম্প্রতি রাজধানীর বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রিতে এক পুনর্মিলনীর আয়োজন করেন। এতে পেন্টাগনের শুরুর সময়কার প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন। শুভকামনা জানাতে সেদিনের অনুষ্ঠানে দেশের অন্য ব্যান্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন। ২০ বছর পূর্তির এই আয়োজন প্রসঙ্গে সুমন বলেন, ‘এটা আমাদের জন্য একটা মিউজিক্যাল জার্নির গল্প জানানোর আয়োজন। ২০ বছরের সংগীতসফরের সঙ্গে জড়িয়ে আছে অনেক আবেগ, রাগ-অনুরাগ। অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে। ২০ বছরে আমাদের সঙ্গে দেশের অনেক গুণী মিউজিশিয়ান যোগ দিয়েছেন। আবার অনেকে নিজেদের প্রয়োজনে পেন্টাগন ছেড়েছেন। দল ছেড়ে দেওয়া সবাই কিন্তু মানসিকভাবে এখনো আমাদের সঙ্গেই আছেন। ২০ বছর পূর্তির অনুষ্ঠান আমাদের সেটাই মনে করিয়ে দিয়েছে।’

অনিতা বলেন, ‘২০ বছর পূর্তির অনুষ্ঠানটি আমাকে অনেক বেশি উচ্ছ্বসিত করেছে। নতুন স্বপ্নে পথচলার সাহস জুগিয়েছে।’

অনিতা ছিলেন চিকিৎসক। একক প্রচেষ্টায় গান করতেন। প্রচুর পরিমাণ পশ্চিমা ধাঁচের গান শুনতেন। এরই মধ্যে জানতে পারেন পেন্টাগন ব্যান্ডে নতুন সদস্য নেওয়া হবে। তখনই পেন্টাগন ব্যান্ডের সদস্য বন্ধু তাহিসরের মাধ্যমে পেন্টাগনে যোগ দেন।

অনিতা জানান, ২০ বছর পূর্তির আনন্দ তাঁরা দর্শক-শ্রোতাদের সঙ্গেও ভাগ করছেন। এরই মধ্যে ২০ অক্টোবর মাছরাঙা টিভিতে গান করেছে ব্যান্ডটি। আর ২৫ অক্টোবর দেশ টিভিতে আর ২৭ অক্টোবর চ্যানেল আইতে দুটি লাইভ শোতে গান করবেন। ২০ বছর পূর্তির আনন্দের পুরো আমেজ থাকবে এই দুটি অনুষ্ঠানে।

ভবিষ্যৎ পরিকল্পনা কী জানতে চাইলে সুমন বলেন, ‘আমরা নতুন অ্যালবামের কাজ শুরু করে দিয়েছি। এরই মধ্যে দুটি গানের কাজ শেষ হয়েছে। সামনে অটিস্টিক শিশুদের জন্য আমরা কাজ করার স্বপ্ন দেখছি।’

অনিতা বলেন, ‘পেন্টাগন আর্তের সেবার কাজ করার চেষ্টা করে আসছে। চেষ্টা করেছি গানের মাধ্যমে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের আরও কাছাকাছি যাওয়ার।’