পেপসি এমটিভি ইন্ডিজে চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরকুট ব্যান্ডের সদস্যরা
চিরকুট ব্যান্ডের সদস্যরা

এসেছে এমটিভির নতুন টিভি চ্যানেল ‘পেপসি এমটিভি ইন্ডিজ’৷ আর এই টিভি চ্যানেলে দেখা যাবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুটের গানের মিউজিক ভিডিও৷ চিরকুটের সদস্য সুমী জানান, সম্প্রতি পেপসি এমটিভি ইন্ডিজের স্বত্বাধিকার ভায়াকম এইটিনের পক্ষ থেকে চিরকুটের সঙ্গে যোগাযোগ করা হয়৷ প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ চিরকুটের বিভিন্ন গানের মিউজিক ভিডিও প্রচারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে৷ এরপর চিরকুটের পক্ষ থেকে তাদের তিনটি মিউজিক ভিডিও পাঠানো হয়৷ এগুলো হলো ট্রামস অ্যান্ড ইম্পটি স্ট্রিটস, কাটাকুটি ও খাজনা৷
সুমী বলেন, ‘ভায়াকম এইটিনের কর্তৃপক্ষের সঙ্গে এখন আমাদের তিনটি মিউজিক ভিডিও প্রচারের ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে৷ তাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে৷ মিউজিক ভিডিওগুলো শিগগিরই পেপসি এমটিভি ইন্ডিজে নিয়মিত দেখানো হবে৷ এরপর নতুন মিউজিক ভিডিও তৈরি হলে সেগুলোও এই টিভি চ্যানেলে নিয়মিত প্রচারের ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের মৌখিক আলোচনা হয়েছে৷’
চিরকুটের প্রথম আন্তর্জাতিক মিউজিক ভিডিও ট্রামস অ্যান্ড ইম্পটি স্ট্রিটস৷ নরওয়ের রক ব্যান্ড কাসা মুরিলোর সঙ্গে চিরকুট যৌথভাবে এই মিউজিক ভিডিও তৈরি করে৷ এরপর এটি অ্যালবাম আকারে প্রকাশ করে সনি মিউজিক৷ ইউটিউবেও অসংখ্যবার দেখা হয়েছে মিউজিক ভিডিওটি৷
গত বছর থেকে এমটিভি ইন্ডিয়ার বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত দেখানো হচ্ছে চিরকুটের গান৷