পেলের খেলা দেখে ফুটবলের প্রেমে

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের খেলা দেখে ফুটবলের প্রেমে পড়েন ঢাকাই সিনেমার খলচরিত্রের অভিনেতা মিশা সওদাগর। প্রথম আলোর সঙ্গে আলাপকালে তেমনটাই জানালেন তিনি।
মিশা বলেন, ‘ছোটবেলা থেকেই ফুটবল আমার পছন্দের খেলা। সময় পেলেই ফুটবল খেলা দেখতাম আর নিজেও খেলতাম। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের খেলা দেখে প্রথম ফুটবলের প্রেমে পড়ি। তাঁর অসাধারণ ক্রীড়ানৈপুণ্য বরাবরই আমাকে মুগ্ধ করে। ফুটবল খেলা যে একটা শিল্প তা ব্রাজিলের খেলা দেখলেই বোঝা যায়। আর তাই দল হিসেবে আমার বরাবরই পছন্দ ব্রাজিল। বাংলাদেশের মধ্যে মোহামেডানের খেলা আমার দারুণ পছন্দ। এই দলের এনায়েত নান্টু আমার পছন্দের খেলোয়াড়।’
তাহলে কী অভিনেতা না হলে খেলোয়াড় হওয়ার কোনো সম্ভাবনা ছিল—এমন প্রশ্নের জবাবে মিশা বলেন, ‘অভিনেতা না হলে আমি খেলোয়াড় হতাম। আর অবশ্যই ফুটবল খেলতাম।’
ঢাকাই চলচ্চিত্রের খলচরিত্রের অভিনেতা মিশা সওদাগর এ পর্যন্ত প্রায় আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৪৫ বছর বয়সী অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।
সবাই মিশা সওদাগরকে খলচরিত্রের অভিনেতা হিসেবে জানলেও সাতটি সিনেমায় তিনি ইতিবাচক চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। ‘প্রিয়া আমার প্রিয়া’ সিনেমায় তিনি প্রথম ইতিবাচক চরিত্রে অভিনয় করেন।
মিশা জানান, নেতিবাচক ও ইতিবাচক যে চরিত্রেই হোক না কেন অভিনয়ই তাঁর একমাত্র নেশা। বর্তমানে প্রায় ২৫টির মতো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানান মিশা।