পেশাদার যাত্রার গতিশীল মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার যাত্রাদলের পালা মঞ্চায়নে দিন দিন গতিশীলতা বাড়ছে। বিভিন্ন জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা দলগুলো দর্শক টানার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। লোকজ পালার সঙ্গে আধুনিক প্রয়োগরীতির সমন্বয় ঘটিয়ে অনবদ্য অভিনয় উপহার দিচ্ছে তারা। ফলে দর্শক আসছেন স্বতঃস্ফূর্তভাবে। খুলনার ডুমুরিয়ায় একই সঙ্গে চার স্থানে যাত্রাগান হচ্ছে। মাদারতলায় দি সিজারস অপেরা, আমড়বুনিয়ায় প্রতিমা অপেরা, কাঞ্চননগরে আর্য্য অপেরা, কৈকা বাজারে নিউ রাজমহল অপেরা পূজা থেকে পালা প্রযোজনা করে আসছে। এ ছাড়া ডুমুরিয়ার উলা গ্রামের একটি পূজামণ্ডপের সামনে দুদিনের শৌখিন যাত্রা মঞ্চস্থ হয়। বশির উদ্দিনের গুনাইবিবি, মহদেব হালদারের সিঁদুর দিয়ে কিনলাম পালা দুখানা দেখতে মন্দির চত্বর কানায় কানায় লোক ভরে যায়। পাইকগাছায় নিউ শিরিন অপেরা, ঝিনাইদহে বৈকালী অপেরা, গোপালগঞ্জে মধুমিতা অপেরা, মাদারীপুরে আনন্দ অপেরার আনন্দঘন অনুষ্ঠান দেখতে দর্শক আসছেন বাঁধভাঙা স্রোতের মতো। যাত্রাশিল্পের নীতিমালার আলোকে প্রতিটি দলের পালা প্রযোজনা হচ্ছে। সে কারণে অতীতের চেয়ে বর্তমানে অভিনয়ের ওপর অধিক গুরুত্ব দেওয়ায় দিন দিন দর্শকের কাছে যাত্রার গুরুত্ব বাড়ছে। ভালো পরিবেশের কারণে প্রতিটি প্যান্ডেলে মহিলা দর্শকের ভিড় বাড়ছে। এই এলাকার মতো উত্তরবঙ্গের মেলা-পার্বণের যাত্রাও জমজমাট হচ্ছে। দিনাজপুরে আদিবঙ্গশ্রী, পাবনায় নিউ ভোলানাথ, নওগাঁয় চ্যালেঞ্জের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। যাত্রার নান্দনিকতা ফিরিয়ে আনতে এসব দলের অধিকারীরা স্বচ্ছ পথে এগোচ্ছেন। যাত্রার অগ্রযাত্রা কামনা করে গীতিনাট্য যাত্রার দল কোহিনুর অপেরা চাঁপাইনবাবগঞ্জে, ময়ূরী যাত্রা ইউনিট রাজশাহীতে, কেয়া যাত্রা ইউনিট শ্রীমঙ্গলে, ভাগ্যলিপি অপেরা মৌলভীবাজারে নান্দনিক অভিনয়ে নৃত্যগীত পরিবেশন করছে। প্রসঙ্গত, যাত্রা শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই। লোকরঞ্জনের পাশাপাশি এ শিল্প লোকমিথ্যা নিরসনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখছে। একে যথাযথভাবে লালন করতে পারলে সমাজ পরিবর্তনে তা ব্যাপক উপকারে আসবে।