পৌঁছে গেলাম পাতালপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই যেখানে–সেখানে সুরের তরঙ্গ তোলে জলের গান। ছবি: আনন্দ
এভাবেই যেখানে–সেখানে সুরের তরঙ্গ তোলে জলের গান। ছবি: আনন্দ

তাদের গানে আছে অন্য এক মাত্রা। দ্বিতীয় অ্যালবাম প্রকাশের মুহূর্তে ‘আনন্দ’-এর সঙ্গে জলের গানের সদস্যরা মেতে উঠলেন অন্য রকম আড্ডাবাজিতে। গান আর আড্ডার মধ্য দিয়ে এভাবেই সেদিন পৌঁছানো গেল পাতালপুরে...

পাতালপুরের গান বাজারে আসার আগের দিন আমরা গেলাম মিরপুরে, জলের গানের স্টুডিওতে। সেখানে রাহুল, সেখানে কনক। সেখানে জার্নাল, সেখানে আর সবাই। সিডির কাগজপত্র নিয়েই ব্যস্ত ওঁরা। আগের রাতে পরিশ্রম গেছে বেশ। কনক বললেন, রাতে ঘুমাইনি। কাজ করতে করতে দেখি, সকাল হয়ে গেছে!
আমরা রসিকতা করতে ছাড়ি না, আপনাদের প্রথম অ্যালবাম ছিল অতল জলের গান, এবার তো ঢুকলেন পাতালে। পরের অ্যালবামে আর কত গভীরে যাবেন?
ওঁদের মুখে হাসি ছড়ায়। হয়তো গভীরতার অতলস্পর্শী হতে চান তাঁরা। তবে এ মুহূর্তে স্টুডিওর বদ্ধ পরিবেশে ওঁদের মন হাঁসফাঁস করতে থাকে। যে যাঁর বাদ্যযন্ত্র নিয়ে বেরিয়ে আসেন। এরপর একটু দূরে বন্ধ চায়ের দোকান সালমা টি স্টোরের সামনে বসে টুংটাং। পথচারী আর পথের মানুষেরা একটু একটু করে ভিড় করতে থাকে। ফিসফিস করে একজন তুখোড় ‘বোদ্ধা’ বলে, ‘হ্যারা টিভিতে গান গায়। এই গান টিভিতে ডাইরেক সরাসরি দিব!’
‘সি-তে ধর। সেকেন্ড টাইম বি-তে ধরবি।’ রাহুল বলেন অন্যদের। শুরুতেই বেজে ওঠে বেহালা আর বাঁশি। ‘নীল নীল প্রজাপতি ওড়ে ওড়ে ওড়ে...।’ সে গানে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ ভাসতে থাকে আর আকাশের পাখিরা আয়রে আয় বলে ডাকে।
ওঁদের পরিবেশনা দেখতে দেখতে মনে হয়, গান কত সহজেই না মানুষের মনের অতল স্পর্শ করতে পারে! মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলার প্রতিযোগিতাও সঙ্গে যুক্ত হয়। মানুষ যখন ঘন হয়ে আসতে থাকে, তখনই বিচ্ছেদ। ওঁরা আবার স্টুডিওর দিকে ছোটেন, ছোটখাটো একটা মিছিলও সে পর্যন্ত যায়। তারপর আবার বদ্ধঘরে। এবার ডালপুরি-জিলাপিসহ কথাবার্তা।
রাহুলের একটা কথায় চমকে উঠতে হলো। ‘জানেন, সিডির কাজ যখন শেষ, সারা রাত কাজ করে বেলা ১১টার দিকে কনক যখন ঘুমাতে গেল, তখন অদ্ভুত এক অনুভূতি হলো। মনে হলো কনে বিদায় দিচ্ছি। কেঁদেছি।’ গানের জন্য এই আবেগ সত্যিই মন ছুঁয়ে যায়। রাহুল তখনো বলে যাচ্ছেন, ‘কালকের পর ও (অ্যালবাম) কিন্তু আর আমাদের থাকবে না। অন্য বাড়ি চলে যাবে। কেউ প্লেয়ার অন করে দিলে ও চলবে। কেউ বন্ধ রাখলে ও চুপ থাকবে। আমাদের এই আকুতি থেকে যাবে, ইশ্! আরেকটু যদি সাজিয়ে দেওয়া যেত, ভালো হতো। কিন্তু সামর্থ্যেরও বিষয় আছে—চাইলেই তো সব হয় না।’
সেদিন গানের দলটির সঙ্গে বেশ জম্পেশ আড্ডা হয়েছিল। ভনিতা দিয়ে দূরত্ব গড়েনি ওরা। বরং ওদের কায়কারবারে মনে হচ্ছিল, পাড়ার ছেলেই বুঝি! কিন্তু সেই হাসিঠাট্টার মধ্যেই উঠে আসতে থাকে ওদের ভাবনা, ওদের দুঃখ। আর মাঝেমধ্যেই গানের কোনো চরণ পরিবেশটাকে ছন্দময় করে তোলে।
জলের গানের গানগুলো শুনলে একরকম, দেখলে আরেক রকম। দেখার আনন্দটা বেশি। কারণ, ওদের পরিবেশনার মধ্যেই আছে শৈল্পিক নাটকীয়তা। দলের প্রায় প্রত্যেকেরই চারুকলা আর মঞ্চের অভিজ্ঞতা আছে। ফলে, পরিবেশনের সময় তার একটা পরশ থাকে। ওদের পরিবেশনায় থিয়েটার, চারুকলা আর সংগীত মিলেমিশে যায় বলেই এতটা দৃষ্টিনন্দন। শ্রুতিমধুর কি না, সেটা তো বিচার করবে শ্রোতা। তবে, পরিবেশনার সময় মঞ্চ পরিকল্পনা, পোশাক করা হয় এমনভাবে, যেন গান আর পরিবেশের মধ্যে একটা ছন্দ থাকে। পরিবেশনার সময় একে অন্যের সঙ্গে সংলাপ চলে। তার মানে, জলের গানের পরিবেশনা মানে এই নয় যে সাত-আটজন মঞ্চে এসে শুধু গান করছেন, আসলে দর্শক-শ্রোতার সঙ্গে রসায়নটাও এখানে গুরুত্বপূর্ণ।
ওদের সিডিটা বেরিয়েছে বেশ আগে। দুই মাস হয়ে গেল। গানগুলোর শিকড়ে রয়েছে দেশ, সেই শিকড় বেয়ে উঠেছে অন্য দেশের সুরও। তাই, নতুন এই গানগুলো নিয়ে ওরা যেন আরও একটু পরিণত হয়েছে। শিকড় বেয়েই ওরা উঠতে চাইছে সংস্কৃতির শিখরে।

২.
মঞ্চে ওদের দেখলে লিভারপুলের ছোকরা চতুষ্টয়ের কথা মনে পড়ে যাবে। ষাটের দশকের বিটলসের পরিবেশন ঢঙের সঙ্গে তুলনা নয়—দর্শকদের সামনে মঞ্চে দাঁড়িয়ে একই রকম প্রাণের আনন্দে গান করার ক্ষেত্রেই এদের মিল। আর গান নিয়ে কাটা-ছেঁড়া, সংগীতের ভেতর দিয়ে হৃদয়ে পৌঁছানোর নিরন্তর সাধনা—এখানেও সেই মিল। জাগো প্রাণের আনন্দে—এই কথাই যেন সুরে সুরে বলে যায় ওরা। আর আমরা দেখতে পারি, শিকড় থেকে জন্ম নেওয়া সুর বাতাসে ভর করে উড়ে যাচ্ছে মন থেকে মনে, জন থেকে জনে।

আহমেদ ইমতিয়াজ বুলবুল
আহমেদ ইমতিয়াজ বুলবুল

মনে হয় যেন সামনে বসে গান শুনছি
আহমেদ ইমতিয়াজ বুলবুল
জলের গানের গানগুলো ভিন্ন ধারার, বলা ভালো নতুন ধরনের গান। এদের গান এই প্রথম শুনলাম আমি। তাদের পাতালপুরের গান নামে যে অ্যালবামটির মাধ্যমে দলটির সঙ্গে আমার পরিচয়, নির্দ্বিধায় বলতে পারি, গানে গানে তারা মুগ্ধ করেছে আমাকে। এদের যে বিষয়টি আমার ভালো লেগেছে তা হলো তাদের দেশাত্মবোধ। আমাদের দেশে বিভিন্ন সময়ে যারা গানের দল হিসেবে, ব্যান্ড হিসেবে গান করেছে, তাদের অধিকাংশই পাশ্চাত্য ধারায় গান করেছে। কিন্তু জলের গানকে দেখলাম দেশীয় বিষয়টি সামনে নিয়ে এসেছে তারা। তাদের গানে পাওয়া যায় আবহমান বাংলার কবিগান, পুঁথি, জারি, সারি, ঘুমপাড়ানি গান ও বাউল গানের আবহ। এটি আমাকে মুগ্ধ করেছে।
শুনেছি পাতালপুরের গান জলের গানের দ্বিতীয় অ্যালবাম। ওদের প্রথম অ্যালবামটি আমার শোনা হয়নি। তবে দ্বিতীয় অ্যালবাম শুনে এটুকু বুঝেছি, এরা হাওয়ায় গা ভাসিয়ে দেওয়ার নয়।
অ্যালবামের একটি গান গুনগুন করে বাজছে আমার কানে—‘তোমার জন্য আকাশভরা তারা।’ গানটির গীতিময়তা এমন যে প্রাণে এসে দোলা দেয়। একজন প্রেমিক তার প্রেমিকাকে আকাশভরা তারা ছাড়া আর কী দিতে পারে!
দলটির গানের আরেকটি বিষয় বলতে হবে—এদের গান পরিবেশনের মধ্যে এমন একটি ব্যাপার আছে, শুনলে মনে হয়, যেন সামনে বসে গান শুনছি।
আবার কোনো কোনো গানে ওয়েস্টার্ন মিউজিকের ঢংকে বাংলায় ঢেলে সাজিয়েছে তারা। যেমন ‘ভয়’ শিরোনামের গানে ওয়েস্টার্ন ব্লুজ মিউজিককে বাংলাকরণ করা হয়েছে। জলের গানের এ প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।
শেষ বেলায় এটা বলব যে কেউ যদি সৃষ্টিশীল কিছু করতে চাই, তাকে অবশ্যই কিছু না কিছু ব্যতিক্রম বিষয়ের মধ্য দিয়ে আসতে হবে। জলের গান সেই কাজটিই করছে। তাদের গানের জল অব্যাহত থাক—কামনা এটুকুই।