পোশাক পরিকল্পক হূদি
ঢাকার মঞ্চে দর্শক হিসেবে যাঁরা নিয়মিত নাটক দেখেন, এমন নাট্যজন-নাট্যকর্মীদের কাছে তরুণ অভিনেত্রী হিসেবে হূদি হকের বেশ সুনাম। রোমিও জুলিয়েট-এর জুলিয়েট, নাগরিক নাট্যাঙ্গনের গোলমাথা চোখামাথা নাটকের নান্না, জনতার রঙ্গশালার সকিনা, প্রাগৈতিহাসিক নাটকের পাঁচী কিংবা পুষি বিড়াল ও একজন প্রকৃত মানুষ নাটকের জয়ী চরিত্রগুলো দর্শকের কাছে সমান জনপ্রিয়। তাঁর বুদ্ধিদীপ্ত অভিনয় নাট্যবোদ্ধাদের মন জয় করে নিয়েছে অনেক আগেই। অভিনয়ের বাইরেও মঞ্চনাটকের গুরুত্বপূর্ণ জায়গায় নিজেকে জড়িয়ে রেখেছেন অনেক দিন ধরেই, যা অনেকেরই অজানা। এই গুণী অভিনেত্রী একটি-দুটি নয়, একাধিক মঞ্চনাটকের পোশাক পরিকল্পনাও নিজেই করেছেন। ‘এই কাজটি আমি বেশ উপভোগ করি।’ বললেন হূদি। তিনি বলেন, ‘নাটকের গল্পের সঙ্গে চরিত্রগুলো আলাদা করে তাঁর পোশাক-আশাকে। আর এ কাজটি বেশ পরীক্ষা-নিরীক্ষা করেই করতে হয়। এই কাজের চ্যালেঞ্জটা নিতেও আমার ভালো লাগা কাজ করে। যেমন, সম্প্রতি আমি পুষি বিড়াল ও একজন প্রকৃত মানুষ নাটকটির পোশাক ডিজাইনটা করেছি। ১৯৩০-৪০ সালের গল্পটি পোশাকে ফুটিয়ে চরিত্রের গেটআপ আনতে অনেক কাজ করতে হয়েছে। কাজটি করে আমি প্রশংসাও পেয়েছি।’এ ছাড়া গোলমাথা, চোখামাথা, গৃহবাসী, প্রাগৈতিহাসিক, জনতার রঙ্গশালা প্রভৃতি নাটকের পোশাক পরিকল্পনা করেছেন হূদি।