পোশাকশ্রমিকদের গানের প্রতিযোগিতা ‘প্রিমিয়ার ব্যাংক গর্ব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পোশাকশিল্পের বৃহৎ কর্মী বাহিনীকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারিং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে নতুন সংগীত প্রতিযোগিতা। শুধু পোশাকশ্রমিকদের জন্য আয়োজিত ‘প্রিমিয়ার ব্যাংক গর্ব’ নামের এ প্রতিযোগিতার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সম্পন্ন হয়েছে প্রতিযোগীদের নাম নিবন্ধন। আগামীকাল রোববার থেকে রাজধানীতে শুরু হবে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই। গতকাল শুক্রবার প্রতিযোগিতার বিচারক চূড়ান্ত করা হয়েছে।প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব নিয়েছেন গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। তাঁর সঙ্গে বিচারক প্যানেলে যোগ দিয়েছেন শিল্পী সাবিনা ইয়াসমীন ও আসিফ আকবর। গতকাল শুক্রবার প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক গানচিল মিডিয়ার সঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুল চুক্তিবদ্ধ হয়েছেন। গানচিলের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল। এ অনুষ্ঠানে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি পোশাকশ্রমিকেরা। তাঁরা আমাদের গর্ব। তাই তাঁদের নিয়ে একটি গানের প্রতিযোগিতায় আমি অংশ নিচ্ছি।’ আয়োজকেরা জানান, এরই মধ্যে নিবন্ধন শেষ হয়েছে এবং ১০ অক্টোবর থেকে অঞ্চলভিত্তিক বাছাইপর্ব শুরু হচ্ছে। অনুষ্ঠানটি নিয়ে পোশাকশিল্পীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। ১৬ অক্টোবর থেকে বাংলাভিশনে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে বলে জানা গেছে।