পোশাকশ্রমিকদের নিয়ে শুরু হলো সংগীত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসাদগেট মোড় থেকে শ্যামলীর দিকে একটু এগোতেই চোখে পড়ল তরুণ বয়সীদের দীর্ঘ সারি। ‘প্রিমিয়ার ব্যাংক গর্ব’ শিরোনামে প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ে অংশ নিতে এসেছেন সবাই। তাঁদের গলায় ঝুলছে নিবন্ধন কার্ড।আয়োজকেরা জানালেন, সকালে এই সারিটি মূল সড়ক পর্যন্ত দীর্ঘ হয়েছিল। পরে সারিটি সরিয়ে অনুষ্ঠানস্থলে আনা হয়েছে। দুপুরে মোহাম্মদপুরের নিউ প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে ছিল না তিল পরিমাণ ঠাঁই।ভিড় ঠেলে ভেতরে ঢোকার পর দেখা গেল অন্য চিত্র। মনের সুখে গান করছেন সবাই। ওঁরা পোশাকশ্রমিক। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বৃহৎ এই কর্মী বাহিনীকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে আয়োজন করা হয়েছে নতুন এই সংগীত প্রতিযোগিতা। শুধু পোশাকশ্রমিকদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতার কার্যক্রম গতকাল সোমবার শুরু হয়েছে।এখান থেকেই বিভিন্ন বুথে তাঁদের পাঠানো হচ্ছে। ওই সব বুথে গিয়ে দেখা গেল, প্রতিযোগীদের গান শোনার পাশাপাশি তাঁদের ভুলগুলো শুধরে দিচ্ছেন বিচারকেরা, পরামর্শও দিচ্ছেন। বিচিত্র ধরনের গান করছেন প্রতিযোগীরা। প্রচলিত ফোক এবং জনপ্রিয় গানের পাশাপাশি নিজের লেখা গানও করছেন অনেকে। যাঁদের গান পছন্দ হচ্ছে, তাঁদের একটি অভিজ্ঞানপত্র দেওয়া হচ্ছে। আয়োজকদের ভাষায় এই নিবন্ধনপত্রের নাম ‘গর্ব কার্ড’। প্রিমিয়ার ব্যাংকের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতা পরিচালনা করছে গানচিল মিডিয়া লিমিটেড। গানচিলের প্রধান নির্বাহী ও গীতিকার আসিফ ইকবাল জানান, প্রথম দিনে শ্যামলী, মোহাম্মদপুর ও গাজীপুরের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা অংশ নিয়েছেন। আজ মঙ্গলবার টঙ্গীর স্টেশন রোডের বন্ধন কমিনিউটি সেন্টারে ওই এলাকার প্রতিযোগীদের প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।