পোশাকে চিত্র-গানের ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানটি ব্যতিক্রম। এক ছাদের নিচে চিত্রকর্ম ও পোশাক প্রদর্শনী এবং গানের আয়োজন। তাই গতকাল শুক্রবার ছুটির দিনে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে দর্শকের ভিড় ছিল লক্ষণীয়। ‘পোশাকে চিত্র-গানের ঐতিহ্য’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে সৃষ্টিশীল পোশাকশিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ভিয়ান’। সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে নিখিল চন্দ্র দাসের পটচিত্র নিয়ে পটগান পরিবেশন করেন নড়াইলের বাহিরডাঙ্গা গ্রামের বিনয়কৃষ্ণ বিশ্বাস ও অরুণ দাসের দল।পটচিত্র ও গানের মোটিফনির্ভর বিভিন্ন ধরনের পোশাক, পটচিত্র ও পটচিত্রের প্রেরণায় অঙ্কিত চিত্রকলা এবং পটগান, পুঁথিপাঠ ও পটগানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর আয়োজন রয়েছে।প্রদর্শনীতে স্থান পাওয়া সব পোশাকের ডিজাইনার নাজমীন মর্তুজা। তিনি প্রধানত নিভৃতচারী ও প্রতিভাবান কয়েকজন পটচিত্র শিল্পীর আঁকা চিত্রের মোটিফ ব্যবহারে পোশাকের ডিজাইন করেছেন। মূলত দেশীয় তাঁতিদের বুনন করা কাপড়ের ওপর ব্লক, এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্টের মাধ্যমে পটচিত্রের মোটিফ তথা পটচিত্র-গানের উপাদান সরাসরি পোশাকের ডিজাইনে উপস্থাপন করা হয়েছে। আর যাঁদের চিত্রকলা বা চিত্রকলার মোটিফ প্রদর্শনীতে স্থান পাওয়া পোশাকে তুলে ধরা হয়েছে, তাঁরা হলেন বিক্রমপুরের শম্ভু আচার্য্য, নড়াইলের নিখিলচন্দ্র দাস, রাজশাহীর সুশান্ত পাল ও দিনাজপুরের নাজির হোসেন। প্রদর্শনীতে পোশাকের পাশাপাশি এই শিল্পীদের আঁকা চিত্রকর্মও প্রদর্শিত হবে। প্রদর্শনী বিক্রয় থেকে উপার্জিত অর্থের একটি অংশ পটগান ও পটচিত্রকলার সঙ্গে যুক্ত দুস্থ শিল্পীদের উন্নয়ন ও সহযোগিতার কাজে ব্যয় করা হবে। প্রদর্শনী চলবে ১৬ মে পর্যন্ত। বজলুর রহমান স্মৃতিপদকপথচলার ৬১ বছর পূর্ণ করল ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। গতকাল খেলাঘরের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের আয়োজনে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও খেলাঘরের ভাইয়া প্রয়াত সাংবাদিক বজলুর রহমান স্মৃতিপদক দেওয়া হয়। এবার পদকপ্রাপ্ত চার গুণীজন হলেন লেখক সৈয়দ শামসুল হক, চিত্রশিল্পী রফিকুন নবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ ও খেলাঘর সংগঠক দিলীপ দাশ।মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপিকা পান্না কায়সার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল ফারাহ্্। ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য-সুন্দর’ গানের সুরে খেলাঘরের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রজ্বালন করা হয় মঙ্গলপ্রদীপ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল গোবিন্দ বাগচীর নির্দেশনায় খেলাঘরের শিশু-কিশোরদের গম্ভীরা গানের পরিবেশনা। গম্ভীরায় তুলে ধরা হয় খেলাঘরের ইতিহাস। ‘অনুভূতির অনুসৃতি’বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে গতকাল থেকে নিউইয়র্কে বসবাসকারী শিল্পী আজমীর হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী ‘অনুভূতির অনুসৃতি’ শুরু হয়েছে। সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে দুই সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন সাংসদ রেজা আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও শিল্পী মাহমুদুল হক। আরও বক্তব্য দেন শিল্পী আজমীর হোসেন এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৫৯টি। চলবে ১৬ মে পর্যন্ত।আজমীর হোসেনের জন্ম ১৯৭৬ সালে ঢাকায়। ১৯৯৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যয়নরত অবস্থায় প্রথমে মন্ট্রিলে এবং পরে ১৯৯৯ সালে নিউইয়র্কে যান।আবৃত্তি সন্ধ্যাগতকাল শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলো কথা আবৃত্তি চর্চাকেন্দ্রের আবৃত্তি অনুষ্ঠান ‘আবৃত্তি পঞ্চম’-এর তৃতীয় পর্ব। অনুষ্ঠানের শুরুতে সাভারে রানা প্লাজার দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কবিতা আবৃত্তি করেন এনায়েত হোসেন, ফারজানা লুবনা, মাহমুদুল হাসান, তারান্নুম কুহু এবং রানা আহমেদ। তাঁরা শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, হুমায়ুন আজাদ, নির্মলেন্দু গুণ, শিকদার আমিনুল হক, মুহম্মদ নূরুল হুদা, রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ, সুনীল গঙ্গোপাধ্যায়সহ বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করেন। গ্রন্থনায় ছিলেন আশরাফুল হাসান ও নির্দেশনায় শহিদুল ইসলাম। প্রতি তিন মাস পর পর এ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আয়োজকেরা জানান।