পোশাকে সেরা গিনেথ প্যালট্রো
রুচিসম্পন্ন, সাদাসিধে ও আধুনিক পোশাক-পরিচ্ছদের কারণে সুপরিচিত মার্কিন গায়িকা ও অভিনেত্রী গিনেথ প্যালট্রো। সম্প্রতি বিশ্বের সেরা পোশাকধারীর খেতাব জিতে নিয়েছেন ‘শেকসপিয়ার ইন লাভ’খ্যাত অস্কারজয়ী এই অভিনেত্রী।সম্প্রতি গিনেথ প্যালট্রোকে এই খেতাবে ভূষিত করেছে পিপল ম্যাগাজিন। ৪২ মিলিয়ন পাঠক ও ফ্যাশন ব্লগারের মতামতের ভিত্তিতে একটি তালিকা তৈরি করেন ম্যাগাজিনটির সম্পাদকেরা। তালিকায় সবার ওপরে ঠাঁই পায় গিনেথের নাম। সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে ডেইলি মেইল। পিপল ম্যাগাজিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পোশাক নির্বাচনের ক্ষেত্রে গিনেথ বরাবরই রুচিশীল। সহজ-সাধারণ ও পরিশীলিত পোশাক-পরিচ্ছদের কারণে তাঁকে এই খেতাব দেওয়া হয়েছে।পোশাক নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি নেওয়ার প্রবণতার জন্য প্রশংসিত হয়েছেন গায়িকা ও অভিনেত্রী রিয়ান্না। এ ছাড়া সবচেয়ে মানসম্পন্ন স্টাইলের জন্য কেট মিডলটন, সেরা লাল গালিচা স্টাইলের জন্য এমা স্টোন এবং ২৫ বছরের কম বয়সীদের মধ্যে সেরা পোশাকধারী হিসেবে নাম লিখিয়েছেন জেনিফার লরেন্স।