পোশাকের মাপ দিতে দিতে নতুন সিনেমার খবর

গতকাল সন্ধ্যায় এফডিসির চার নম্বর ফ্লোরে মেকআপ রুমে আড্ডা মারছিলেন অভিনয়শিল্পী সাইমন সাদিক। কিছুক্ষণ আগে কড়ইতলায় ‘জান্নাত’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন। আপাতত দিনের শুটিং শেষ। তাই এই আড্ডা। এরই ফাঁকে মেকআপ কক্ষের দরজা ঠেলে দুজন ভেতরে ঢুকলেন। তাঁদের দিকে তাকিয়ে সাইমন বললেন, ‘কি, মাপ নেবে?’
দুজন মাথা দোলাতেই চেয়ার ছেড়ে উঠলেন এ অভিনেতা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে নতুন পোশাকের জন্য মাপ দিলেন। জানালেন নতুন আরও কী লাগবে। চেয়ার বসতে বসতে বললেন, ‘কিছুক্ষণ আগে নতুন একটি সিনেমা সাইন করলাম। ওটার জন্যই পোশাকের মাপ দিলাম।’
সাইমনের নতুন সিনেমার নাম ‘পাসওয়ার্ড’। পরিচালনা করবেন তাজুল ইসলাম। সাইমন জানালেন, আগামী এপ্রিল থেকে ঢাকায় শুরু হবে শুটিং।
‘পাসওয়ার্ড’-এ সাইমনকে দেখা যাবে একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে। তাঁর বিপরীতে অভিনয় করবেন নতুন একজন অভিনয়শিল্পী।
গত মাসে ‘মায়াবিনী’ নামে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল সাইমনের। ছবিটির বিপরীতে অভিনয় করেছিলেন আইরিন।