পোস্টম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গল্প উপন্যাসে ঘর আমার ঠাসা/ ইলিয়াস মার্কোয়েজ মারিও হোসা/ ত্রিদিব ছিল তাই টেনেছিল ঢাকা/ সে নেই, শহর তাই ফ্যাকাশে ও ফাঁকা...।’ শিল্পী শান্তনু বিশ্বাসের গাওয়া পোস্টম্যান অ্যালবামের গান এটি। গানের কথায় আশাবাদ ও অভিমান প্রকাশ। গায়কিতেও শিল্পী রোমান্টিক আবেদনকে ধরে রেখেছেন সাবলীলভাবে। গত শনিবার অ্যালবামটি বাজারে এসেছে। পোস্টম্যান অ্যালবামের সহজ, সরল ও আবেগময় গানগুলো শুনে মুগ্ধ হতে থাকি। বলা বাহুল্য, যাঁরা গানে চমক বা চটকদার কিছু খোঁজেন, তাঁদের জন্য এ অ্যালবাম নয়। যাঁরা রুচিশীল, যাঁরা নিজের মনন ও চিন্তাকে শৈল্পিক কথা ও সুরে বেঁধে রাখতে চান, এ অ্যালবাম তাঁদের জন্য।‘এত আলো তবু এত ছায়া চারপাশে/ যত আলো জ্বলেছিল সব নিভে গেছে/ সাইরেন ধ্বনি শুনি আকাশে আকাশে/ আকাশটা কেন এত দূরে সরে গেছে...।’ ‘পোস্টম্যান’ শিরোনামের গানের এ চরণে গায়কের অভিব্যক্তি যতটা হূদয় স্পর্শ করে তাঁর শ্রোতার, ততটাই একজন শ্রোতাকে নিয়ে যায় তার একান্ত সংগোপন অভিমানে। একই গানে তিনি গেয়েছেন ‘মুজিবুর মুজিবুর গলা ভেঙে আসে/ দেখো, দেশ আজ ভরে গেছে দীর্ঘশ্বাসে/ তাই এত আলো তবু এত ছায়া চারপাশে...।’ ফেলে আসা দিনের সব স্মৃতিই যেন হাতড়িয়ে বেড়িয়েছেন গানে গানে।চটুল সুর হলেও গানের কথার ভেতরে যে অন্তর্নিহিত সত্য, সেই সত্যের নিজস্ব শক্তিতেই ‘যদি ফুটপাত’ গানটি। গানের অন্তরাতে তিনি গেয়েছেন, ‘কেউ যাচ্ছে ভুল ঠিকানা/ কেউ দেখেও কিছু দেখছে না...।’ বাংলা গানের আধুনিকতা আর ধ্রুপদের সঙ্গে পাশ্চাত্যের আবহও পাওয়া যায় তাঁর গানে। তিনি বলেন, ‘অযাচিত অনুকরণ নয়, পাশ্চাত্যের সংগীত থেকে কিছু নিয়ে যদি আমাদের গানকে আরও সমৃদ্ধ করা যায়, তবে মন্দ কী?’ শান্তনুর গানের কথা ও সুর স্মরণ করিয়ে দেয় সত্তর দশকের ভারতীয় বাংলা গানের জগৎকে। শান্তনু বলেন, ‘পঞ্চাশের দশক থেকে শুরু করে আশির দশক পর্যন্ত বাংলা গানে যেসব নিরীক্ষা হয়েছে, তা থেকে অনুপ্রাণিত হয়ে আমি চেয়েছি গানগুলোকে আমার সমকালীন করে তুলতে। আমার দেখা ও অদেখা জীবন এবং আমার চারপাশে দুঃখ-সুখে দোলানো মানুষকে নিয়েই রচিত আমার পোস্টম্যান অ্যালবামের যত গান।’শিল্পীর সঙ্গে গল্পে গল্পে উঠে আসে চট্টগ্রাম প্রসঙ্গ। শান্তনুর বেড়ে ওঠা চট্টগ্রামে। স্কুলবয়সেই গানের শুরু। সবে এসএসসি পরীক্ষা দিয়েছেন, তখন মুক্তিযুদ্ধের ডাক পড়ে। শান্তনু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সর্বকনিষ্ঠ শিল্পী। গান নিয়েই ঘুরে বেড়িয়েছেন শরণার্থী শিবিরে। সেই স্মৃতি ভালো লাগার, সেই স্মৃতি গৌরবের। শান্তনু জানালেন, চট্টগ্রামের একাধিক সংগীতগুরুর কাছে তালিম নিয়েছেন। তবে ওস্তাদ বড়ে গোলাম আলীর মতো তিনিও বিশ্বাস করেন, সংগীতসাধনায় ৮০ ভাগ শোনা এবং ২০ ভাগ তালিম। তাই তিনি অহরহ গান শোনার মধ্যেই ব্যস্ত।মাঝে জড়িয়ে পড়েছেন থিয়েটার- চর্চায়। ১৯৭৫ সাল থেকে নিয়মিত গ্রুপ থিয়েটার আন্দোলনের কাজ করছেন। স্মৃতি হাতড়ে প্রথম জাতীয় নাট্যোৎসবের কথা বলেন। ঢাকায় এসে অনেক নামকরা নাট্যজনের সঙ্গে পরিচয়। উৎসাহ আরও বেড়ে গেল। নাটক লেখা ও নির্দেশনা চলল সমান তালে। শান্তনু বিশ্বাসের লেখা ইনফরমার ও ভবঘুরে নাটক ব্যাপক আলোচিত হয়। সে সময় নাটকের কাজ নিয়মিত করলেও মাথার ভেতর ওই গানই গেঁথে গিয়েছিল। তাঁর নাটকে বেশ গানের ব্যবহার রয়েছে। এর মধ্যে পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়েন। সংগীতচর্চা হয়ে পড়ে শুধু শখের বিষয়। কেটে যায় বেশ কয়েক বছর। পরে ২০০৬ সালে এটিএন মিউজিক থেকে শান্তনুর কথা ও সুরে সুবীর নন্দী ও ইন্দ্রানী সেনের দ্বৈত অ্যালবাম বের হয়। ২০০৭ সালে ইমপ্রেস অডিও ভিশন থেকে বের হয় ঝিনুক ঝিনুক মন। অরুণিমা ইসলামের সঙ্গে ওই অ্যালবামে তিনি নিজেও কণ্ঠ দিয়েছিলেন। ২০০৮ সালে অগ্নিবীণার ব্যানারে বের হয় বাপ্পা মজুমদারের সঙ্গে যৌথ অ্যালবাম বহমান। ২০০৯ চিরকুট শিরোনামে প্রথম একক অ্যালবাম বের হয়।পেশাগত জীবনে তিনি পুরোদস্তুর করপোরেট ব্যক্তিত্ব। এর বাইরে সংগীতচর্চাটা নেশার মতো। গান ছাড়া ভালো লাগে না এক মুহূর্তও। শান্তনু বিশ্বাসের ইচ্ছা, কথার ওপর জোর দিয়ে ঐতিহ্যবাহী বাংলা গানের ওপর নিরীক্ষা চালিয়ে নিত্যনতুন সমকালীন গান করার।