পোস্টারে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য
চারদিকে পোস্টার। নানা বর্ণের পোস্টারগুলোতে ফুটে উঠেছে আশার বাণী। কোনোটিতে বলা হয়েছে নারী-পুরুষের সমতার কথা, কোনোটিতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্বের কথা। হাতে বই ধরে মগ্ন হয়ে আছে এক কিশোরী। আরও কয়েকজন শিশু-কিশোর বই হাতে ছুটে চলেছে। এ পোস্টারটিতে ফুটে উঠেছে একটিই দাবি—সব শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত হোক। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারির দেয়াল সাজানো হয়েছে এ ধরনের চমত্কার কিছু পোস্টার দিয়ে।সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বিষয়ে শিল্পী সন্তু সাহার পোস্টার প্রদর্শনী শুরু হলো গতকাল সোমবার। জাতিসংঘ তথ্যকেন্দ্র, আলিয়ঁস ফ্রঁসেজ ও হোপ মাল্টিমিডিয়ার যৌথ উদ্যোগে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোজাফ্ফর আহমদ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। প্রদর্শিত শিল্পকর্ম নিয়ে আলোচনা করেন শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ।ব্যতিক্রমী এ প্রদর্শনীর গ্যালারির মাঝখানে ছিল একটি স্থাপনা শিল্পকর্ম। শিল্পী সন্তু সাহা এই স্থাপনা শিল্পকর্মে ব্যবহার করেছেন চাল ও আলুর বস্তা, সঙ্গে চিকিত্সা ও শিক্ষাসামগ্রী। পাশেই একটি সাঁকো। এই স্থাপনাশিল্পে সন্তু সাহা বোঝাতে চেয়েছেন, আমাদের মতো উন্নয়নশীল দেশে মানুষের মৌলিক অধিকারগুলো পূরণের পথটি সহজ নয়, বরং কঠিন। উদ্বোধনী বক্তৃতায় বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘আমরা আন্তর্জাতিকভাবে ভিখারি সাজতে চাই না। তার কারণ, যারা সবচেয়ে বিত্তবান রাষ্ট্র তারা তাদের প্রতিশ্রুতি পালন করেনি। তাই বলে আমাদের কাজ থেমে থাকবে না। আমাদের সামর্থ্য অনুযায়ী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে এগিয়ে যাব।’ক্ষুধা নির্মূল, সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, নারী-পুরুষ সমতা, শিশুমৃত্যুহার হ্রাস, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ দমন, পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশীদারি গড়ে তোলা—সহস্রাব্দ উন্নয়নের এই আটটি লক্ষ্য নিয়ে শিল্পী সন্তু সাহার পোস্টার প্রদর্শনী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।কর্মশালা ‘জন্মস্থান’-এর উদ্বোধনঢাকার মার্কিন দূতাবাস গত রোববার ‘জন্মস্থান’ শিরোনামে শিল্পকলা বিষয়ে একটি কর্মশালার উদ্বোধন করেছে। কর্মশালায় অংশ নেওয়া মার্কিন ও বাংলাদেশি সব বয়সী শিল্পীরা একসঙ্গে মাতৃভূমির বিষয়বস্তু নিয়ে কাজ করছেন। ১০ অক্টোবর শুরু হওয়া তিন সপ্তাহব্যাপী কর্মসূচিতে ৩০ অক্টোবর পর্যন্ত মার্কিন শিল্পী অ্যান্ড্রু স্যাফটেল ও হুইটনি বেকার বাংলাদেশের স্বনামধন্য শিল্পীদের সহযোগিতায় চারুকলার সম্ভাবনাময়ী শিক্ষার্থী ও স্কুলপড়ুয়া শিশুদের সঙ্গে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণমূলক কর্মসূচিতে অংশ নেবেন।প্রথমেই মার্কিন শিল্পী ও বাংলাদেশের দক্ষ প্রিন্ট মেকারদের সমন্বয়ে ঢাকার মালিবাগে অবস্থিত ‘কসমস অ্যাটেলিয়র ১৭’ স্টুডিওতে একটি প্রিন্ট মেকিং কর্মশালার আয়োজন করা হয়। এই ধারাবাহিকতায় গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রদের অংশগ্রহণে তিন দিনব্যাপী একটি কর্মশালা শুরু হয়েছে।তিন সপ্তাহব্যাপী কর্মশালার আকর্ষণ হলো ভাসমান স্টুডিও। ২২ ও ২৩ অক্টোবর স্যাফটেল ও বেকার প্রথিতযশা বাংলাদেশি শিল্পীদের সঙ্গে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় চিত্রাঙ্কন কর্মশালায় অংশ নেবেন। মার্কিন শিল্পীরা ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কসমস গ্যালারি আয়োজিত ময়মনসিংহের জয়নুল আবেদিন জাদুঘরে একটি শিশুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করারও পরিকল্পনা করেছেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।এই কর্মশালা সমাপ্ত হবে একটি প্রদর্শনীর মধ্য দিয়ে। ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকা আর্ট সেন্টারে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।