পৌষ ফাগুনের পালায় বন্যা মির্জা
আফসানা মিমির পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক ‘পৌষ ফাগুনের পালা’য় অভিনয় করতে যাচ্ছেন বন্যা মির্জা। প্রযোজনা সূত্রে জানা গেছে, আগামী মাস থেকে তিনি শুটিংয়ে অংশ নেবেন। নাটকের গল্পে দেখা যাবে, সুকান্তের প্রথম স্ত্রী সরলা মারা যাবেন। তিনি দ্বিতীয় বউ হিসেবে বন্যা মির্জাকে ঘরে তুলবেন। একপর্যায়ে সুকান্তের খালাতো ভাই হেমের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠবে বন্যা মির্জার।বন্যা মির্জা বলেন, ‘পৌষ ফাগুনের পালা নাটকে কাজের ব্যাপারে অনেক আগে থেকেই কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা ঠিক হয়ে ছিল। অবশেষে কাজটি শুরু করতে যাচ্ছি জেনে খুবই ভালো লাগছে।’গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস— ‘কলকাতার কাছেই’, ‘উপকণ্ঠে’ ও ‘পৌষ ফাগুনের পালা’ অবলম্বনে নির্মিত নাটকটির নাট্যরূপ দিয়েছেন তানভীর হোসেন প্রবাল।নাটকটির অন্য অভিনয়শিল্পীরা হলেন—ফেরদৌসী মজুমদার, হুমায়ুন ফরীদি, জ্যোত্স্না বিশ্বাস, রাইসুল ইসলাম আসাদ, মাসুদ আলী খান, আফরোজা বানু, হাসান ইমাম, শর্মিলী আহমেদ, ত্রপা মজুমদার, ইন্তেখাব দিনার, সোহানা সাবা প্রমুখ। এটিএন বাংলায় প্রতি মঙ্গল ও বুধবার নাটকটি দেখানো হচ্ছে।