প্যাটিনসনকে দফায় দফায় প্রেমপত্র পাঠাচ্ছেন ক্রিস্টেন!
রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ঘনিষ্ঠতাকে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল স্বীকার করে নিয়ে যেকোনো উপায়ে প্রেমিক প্যাটিনসনকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। প্যাটিনসনের কাছে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে দফায় দফায় প্রেমপত্র আর আবেগী সব এসএমএস পাঠাচ্ছেন তিনি।‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির পরিচালক রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠতার খবর প্রকাশিত হওয়ার পর প্রকাশ্যে ক্ষমা চাইলেও এখন পর্যন্ত প্যাটিনসনের ক্ষমা তিনি পাননি। লস অ্যাঞ্জেলেসের যে বাড়িতে এই জুটি একসঙ্গে থাকতেন, সেখান থেকে চার সপ্তাহ আগেই চলে গেছেন প্যাটিনসন। তার পরও ক্রিস্টেন বিশ্বাস করেন, তাঁদের চার বছরের সম্পর্ক এখনো টিকিয়ে রাখা সম্ভব। এ জন্য সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন ২২ বছর বয়সী এ অভিনেত্রী।এ প্রসঙ্গে ‘লাইফ অ্যান্ড স্টাইল’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্কারে প্যাটিনসনের এক বন্ধু বলেন, ক্রিস্টেন এখন পর্যন্ত এক ডজনেরও বেশি হাতে লেখা প্রেমপত্র পাঠিয়েছেন প্যাটিনসনকে। তাঁর জীবনে ফিরিয়ে নেওয়ার জন্য বারবার মিনতি জানিয়েছেন অনুতপ্ত ক্রিস্টেন। তিনি লিখেছেন, ‘আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। জীবনের সবচেয়ে বড় ভুল আমি করেছি। আমাকে তুমি ফিরিয়ে নাও।’প্যাটিনসনের ওই বন্ধু আরও বলেন, যেকোনো উপায়ে ২৬ বছর বয়সী প্যাটিনসনকে ফিরে পেতে চান ক্রিস্টেন। প্রতিদিনই ফোনে কথা হচ্ছে তাঁদের। মূলত এ কারণেই ক্রিস্টেন আশায় বুক বেঁধেছেন আবারও প্যাটিনসনকে ফিরে পাওয়ার জন্য।