প্যাটিনসনের ক্রিস্টেন ভীতি!
গত ফেব্রুয়ারি মাস থেকে অস্ট্রেলিয়ায় ‘দ্য রোভার’ ছবির শুটিংয়ে ব্যস্ত রবার্ট প্যাটিনসন। আর কদিনের মধ্যেই শুটিং শেষ করে লস অ্যাঞ্জেলেসে ফিরতে হবে তাঁকে। কিন্তু ফিরে গিয়ে প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের মুখোমুখি হতে হবে ভেবে এখনই শঙ্কিত হয়ে পড়েছেন ২৬ বছর বয়সী এ ব্রিটিশ অভিনেতা। গত বছরের জুলাইয়ে নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টেনের পরকীয়ার খবর ফাঁস হওয়ার পর শুরুতে ক্রিস্টেনকে ছেড়ে চলে গিয়েছিলেন প্যাটিনসন। পরে অবশ্য জোড়া লাগে তাঁদের সম্পর্ক। কিন্তু কিছুদিন আগে আবারও এই জুটির ভাঙনের খবর প্রকাশিত হয়। এ বিষয়ে প্যাটিনসন নিজের অবস্থান স্পষ্ট না করলেও, যে কোনো উপায়ে প্রেম টিকিয়ে রাখার ইচ্ছের কথা জানিয়েছেন ক্রিস্টেন। এমনকি প্রেমিককে মানাতে অস্ট্রেলিয়ায়ও যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে সেখানে যেতে বারণ করেন প্যাটিনসন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে রাডার অনলাইন জানিয়েছে, এতদিন ক্রিস্টেনের কাছ থেকে অনেক দূরে গিয়ে কাজে ডুবে ব্যক্তি জীবনের যন্ত্রণা থেকে মুক্তির পথ খুঁজছিলেন প্যাটিনসন। তিনি অস্ট্রেলিয়ায় বেশ ভালোই সময় কাটাচ্ছেন। প্রতিদিন শুটিং শেষ করে ছবির দলের সবার সঙ্গে মিশছেন। এ ছাড়া শহর থেকে অনেক দূরের একটি জায়গায় ছবিটির শুটিং চলছে। শহুরে জীবনের যান্ত্রিকতা সেখানে নেই। নিরিবিলি এবং শান্ত পরিবেশে নিজের জীবনে ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ পাচ্ছেন।কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফেরার দিন ঘনিয়ে এসেছে প্যাটিনসনের। লস অ্যাঞ্জেলেসে ফিরে ক্রিস্টেনের মুখোমুখি হতে হবে ভেবে এখনই দুশ্চিন্তা ভর করেছে তাঁর ওপর। কারণ ক্রিস্টেনের সঙ্গে প্রেম টিকিয়ে রাখার দোদুল্যমান অবস্থান থেকে বেরিয়ে এসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তাঁকে।