প্যাটিনসনের নতুন প্রেম!
এবারে সম্ভবত ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন আর ক্রিস্টেন স্টুয়ার্টের চার বছরের প্রেম সত্যি সত্যিই ভাঙছে। ক্রিস্টেনকে ছেড়ে স্বর্ণকেশী এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন প্যাটিনসন—সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশ করেছে ‘হাফিংটন পোস্ট’।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নিউইয়র্কে এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গভাবে মিশতে দেখা গেছে প্যাটিনসনকে। ওই সময় তাঁকে দেখে মনে হয়েছে, ওই তরুণীর কাছাকাছি আসার চেষ্টা করছেন তিনি। অবশ্য এখন পর্যন্ত স্বর্ণকেশী তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।প্রসঙ্গত, ক্রিস্টেন ও নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের পরকীয়ার খবর চাউর হওয়ার পর ক্রিস্টেনকে ছেড়ে চলে যেতে চেয়েছিলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক রবার্ট প্যাটিনসন। তবে ক্রিস্টেনের কাকুতি-মিনতির পর শর্তসাপেক্ষে এক মাস একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় এই জুটি। চার বছরের প্রেম সামনে এগিয়ে নেওয়ার শেষ চেষ্টা হিসেবেই এমন সিদ্ধান্তে রাজি হয়েছিলেন প্যাটিনসন।ক্রিস্টেনের এই এক মাসের অগ্নিপরীক্ষায় বেশ কয়েকটি শর্তও জুড়ে দিয়েছিলেন প্যাটিনসন। সেগুলোর মধ্যে অন্যতম প্রধান শর্ত ছিল, কোনোভাবেই রুপার্টের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না ক্রিস্টেন। কিন্তু সম্প্রতি প্রকাশিত এক খবরে দাবি করা হয়, প্রেমিকের সেই শর্ত ভেঙে রুপার্টের সঙ্গে এসএমএসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছেন ক্রিস্টেন। এর কয়েক দিনের মাথায় প্যাটিনসনের সঙ্গে স্বর্ণকেশী ওই তরুণীর ঘনিষ্ঠতার খবর প্রকাশিত হলো। এদিকে এক খবরে শোবিজস্পাই জানিয়েছে, প্রেমিককে বশে রাখতে সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন ক্রিস্টেন। ধূমপান পুরোপুরি ছেড়ে দিয়েছেন, মদ্য পানও কমিয়ে দিয়েছেন। এমনকি বাঙালি বংশোদ্ভূত ভারতীয় যোগব্যায়াম গুরু বিক্রম চৌধুরী প্রবর্তিত ‘বিক্রম ইয়োগা’ শুরু করেছেন ২২ বছর বয়সী মার্কিন এ অভিনেত্রী। এরই মধ্যে নিয়মিত শরীরচর্চা ও যোগব্যায়ামের সুফল পেতে শুরু করেছেন ক্রিস্টেন। শরীর ও মনের সুস্থতার পাশাপাশি তাঁর ত্বকের উজ্জ্বলতাও বহুগুণ বেড়ে গেছে।