প্যাটিনসনের রেকর্ড!
এ নিয়ে টানা চার বছর বিশ্বের সবচে আবেদনময় পুরুষের তকমা ধরে রাখলেন ‘টোয়ালাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। জনি ডেপ, রবার্ট ডাউনি জুনিয়র, টেইলর লটনারের মতো অভিনেতাদের পেছনে ফেলে ২০১২ সালের সবচে আবেদনময় পুরুষ নির্বাচিত হয়েছেন ২৬ বছর বয়সী এ ব্রিটিশ মডেল ও অভিনেতা। ৪০ হাজারের বেশি পাঠকের রায়ের ভিত্তিতে এ বছরের সবচে আবেদনময় ৫০ জন পুরুষের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের ‘গ্ল্যামার’ ম্যাগাজিন। এ তালিকায় প্যাটিনসনের পরের অবস্থানে আছেন ‘অ্যাভেঞ্জারস অ্যাসেম্বল’খ্যাত আরেক ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টন। আর তৃতীয় স্থান দখল করেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ইঅনলাইন।তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছেন যথাক্রমে ‘প্রমিথিউস’ তারকা মাইকেল ফ্যাসবেন্ডার এবং ‘শার্লক’খ্যাত ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কামবেবাচ। তালিকায় সেরা দশে ঠাঁই পাওয়া তারকাদের মধ্যে আরও আছেন রবার্ট ডাউনি জুনিয়র, টেইলর লটনার, পল ওয়েসলি, জেমস ম্যাকাভয় ও হেনরি ক্যাভিল।