প্যাটিনসনের শর্ত ভাঙলেন ক্রিস্টেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রনির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে দীর্ঘদিনের প্রেমিক রবার্ট প্যাটিনসনকে হারাতে বসেছিলেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। তবে ক্রিস্টেনের ক্রমাগত অনুনয়-বিনয়ের কারণে চার বছরের প্রেম সামনে এগিয়ে নেওয়ার শেষ চেষ্টায় শেষতক রাজি হন প্যাটিনসন। রুপার্টের সঙ্গে যোগাযোগ না রাখার শর্ত জুড়ে দিলে ঝটপট রাজি হন ক্রিস্টেনও। কিন্তু রুপার্টের প্রতি সহমর্মী ক্রিস্টেন তীব্র দুঃখবোধ থেকে প্রেমিকের শর্ত ভেঙেছেন আবারও।এ প্রসঙ্গে ক্রিস্টেন বলেন, ‘রুপার্টের প্রতি দুঃখবোধ থেকেই যোগাযোগ বন্ধ করিনি আমি। রুপার্টের স্ত্রী লিবার্টি রোজ পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে তাঁর কাছ থেকে। এ জন্য নিজেকেই দায়ী মনে করছি আমি। মূলত এ কারণে আমরা এসএমএস চালাচালি বন্ধ করিনি। এর বাইরে আর কোনো কারণ নেই। এ ছাড়া এটা এমন গুরুতর কোনো বিষয় নয় যা প্যাটিনসনের সঙ্গে আমার সম্পর্কে বিরূপ প্রভাব ফেলবে।’প্রসঙ্গত, কিছুদিন আগে রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠতার খবর ও ছবি ফাঁস হওয়ার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন ক্রিস্টেন ও রুপার্ট দুজনই। প্রেমিকার এমন অপ্রত্যাশিত প্রতারণায় ভেঙে পড়েছিলেন প্যাটিনসন। যে বাড়িতে তাঁরা একসঙ্গে থাকতেন, তা ছেড়েও চলে গিয়েছিলেন প্যাটিনসন। অবশ্য নিজের কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে, বারবার ক্ষমা চেয়ে প্যাটিনসনকে শেষ পর্যন্ত মানাতে সফল হন ক্রিস্টেন। দীর্ঘদিনের প্রেম টিকিয়ে রাখতে এক মাস পরীক্ষামূলকভাবে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় এই জুটি।ক্রিস্টেনের এই এক মাসের অগ্নিপরীক্ষায় নানা শর্ত জুড়ে দিয়েছিলেন প্যাটিনসন। এর মধ্যে প্রধান শর্ত ছিল, রুপার্টের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না। কিন্তু সহমর্মিতা ও তীব্র দুঃখবোধ থেকে যোগাযোগ রক্ষা না করে থাকতে পারছেন না ক্রিস্টেন। এসএমএস চালাচালির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে শোবিজস্পাই। এদিকে, প্রেমিককে ধোঁকা দেওয়ায় অনুতপ্ত ক্রিস্টেন নিজেকে অভিনব উপায়ে শাস্তি দিয়ে চলেছেন। ইন্টারনেটে তাঁকে নিয়ে যত নেতিবাচক মন্তব্য ছাড়া হচ্ছে, সেগুলো খুঁজে খুঁজে বের করছেন এবং মন দিয়ে পড়ছেন। মন্তব্যগুলো পড়ে নিজেকে বারবার ধিক্কার দিচ্ছেন তিনি। প্রেমিক প্যাটিনসনেরও বিষয়টি এখন আর অজানা নেই। নিজের ওপর এমন মানসিক নির্যাতন বন্ধ করতে ক্রিস্টেনকে এক রকম নির্দেশই দিয়েছেন প্যাটিনসন।