প্যারালাল ইমেজ নিয়ে আজ ফিরছেন শমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্যারালাল ইমেজ’ টেলিফিল্মের একটি দৃশ্য
‘প্যারালাল ইমেজ’ টেলিফিল্মের একটি দৃশ্য

সর্বশেষ ২০০৫ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ‘নোনা জলের কাব্য’ নাটকে অভিনয় করেছিলেন একসময়ের তুমুল জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সার। মান্নান হীরা পরিচালিত ওই নাটকের পর আর কোনো নাটকে কাজ করেননি তিনি। অবশেষে দীর্ঘ বিরতির পর এবারের ঈদ উপলক্ষে নির্মিত ‘প্যারালাল ইমেজ’ টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। দর্শক দীর্ঘদিন পর টিভির পর্দায় শমী কায়সারের অভিনয় উপভোগের সুযোগ পাচ্ছে আজ রোববার। চ্যানেল আইতে আজ বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে শমী অভিনীত টেলিফিল্ম ‘প্যারালাল ইমেজ’।
‘প্যারালাল ইমেজ’ টেলিছবিটি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন প্রতিভাবান নির্মাতা আলভী আহমেদ। তিনি জানিয়েছেন, ‘আজ বিকেল সাড়ে চারটায় “প্যারালাল ইমেজ” টেলিছবিটি প্রচার করবে চ্যানেল আই। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শমী কায়সার। তাঁর বিপরীতে অভিনয় করেছেন শাকিল আহমেদ। অন্যান্য চরিত্রে রয়েছেন আনোয়ার হোসেন চৌধুরী, নতুন শিল্পী বিজলী প্রমুখ।’
‘প্যারালাল ইমেজ’ টেলিছবির কাহিনিতে দেখা যাবে, একটি মেয়ের জীবনের নানা অধ্যায়ের মানুষ তার সামনে ঘুরে-ফিরে আসে। তাদের মধ্যে সে খুঁজে পায় অতীত জীবনের কথা। বাসা থেকে বের হতে, অফিস থেকে ফিরতে কিংবা রাস্তার পাশে বসে সে তার অতীতকে প্রতিনিয়ত কাছে পেতে থাকে। কিন্তু কোনো কিছুরই উত্তর খুঁজে পায় না। মূলত স্বামী-স্ত্রীর মানসিক জটিলতার জায়গা থেকে সৃষ্ট নিরাশা বা শূন্যতার বিষয়টি তুলে ধরা হয়েছে ‘প্যারালাল ইমেজ’ টেলিছবিতে।