প্যারিসে পুরস্কৃত আন্ডার কনস্ট্রাকশন

প্যারিসে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’। ১৯ অক্টোবর শুরু হওয়া সাত দিনের এ উৎসব শেষ হয় ২৫ অক্টোবর। উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোকে তিন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। জুরি পুরস্কার, স্টুডেন্ট জুরি পুরস্কার ও পাবলিক পুরস্কার নামে এ তিন বিভাগের মধ্যে ‘আন্ডার কনস্ট্রাকশন’ পেয়েছে জুরি পুরস্কার।
রুবাইয়াত হোসেন জানান, এ উৎসবের জুরিবোর্ডের সদস্যদের মধ্যে ছিলেন ভারতের প্রখ্যাত লেখক ও নির্মাতা বিজয় সিং এবং ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুবাইয়াত হোসেন, ছবির প্রধান চরিত্রে অভিনয় করা শাহানা গোস্বামী।
এর আগে এ বছরের ফেব্রুয়ারিতেও ফ্রান্সে অনুষ্ঠিত এশিয়া চলচ্চিত্র উৎসবে ছবিটি তিনটি বিভাগে পুরস্কার লাভ করে। তা ছাড়া লোকার্নো, ওমেন মেইকস ওয়েবস, কেরালা, বোগতা, সাও পাওলো, মনট্রিয়ালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয় ছবিটি। কিছুদিন আগেও সিয়াটলে পুরস্কৃত হয় ছবিটি।
দেশের পেশাজীবী নারীদের বাস্তব জীবনের উপলব্ধি ও স্বরূপ নিয়ে তৈরি হয়েছে ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিটি। এ বছরের জানুয়ারিতে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি।
আন্ডার কনস্ট্রাকশন ছবিতে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী আর রাহুল বোসকে দেখা গেছে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। ছবিতে শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত।
‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে গান রয়েছে তিনটি। এর মধ্যে অর্ণবের সংগীতায়োজনে ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের’ রবীন্দ্রসংগীত দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ি। পুরো ছবির আবহসংগীত করছেন অর্ণব।