প্যারিসে হোটেল থেকে বহিষ্কৃত হলেন বিবার!
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হোটেল থেকে রীতিমতো তাড়িয়েই দেওয়া হয়েছে কানাডার পপ সেনসেশন জাস্টিন বিবারকে। যেখানে অভিজাত হোটেলগুলোতে তারকাদের রীতিমত জামাই আদরে রাখা হয়, সেখানে সমাদরে বদলে বলা যায় অর্ধচন্দ্রই পেয়েছেন বিবার! কী করেছিলেন তিনি? প্যারিসের লা মরিস হোটেল কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে- অশোভন আচরণ আর বিবার ভক্তদের উপদ্রবের যন্ত্রণাতেই কর্তৃপক্ষ তাঁকে হোটেল থেকে বের করে দিতে বাধ্য হয়েছে।প্যারিসের বিলাসবহুল হোটেলে উঠেছিলেন বিবার। হোটেলের চারপাশে ভক্তদের উপদ্রব আর বিবারের আচরণ মোটেও ভালো ঠেকেনি হোটেলটির কর্তৃপক্ষের কাছে। তাই তাকে বের করে দেওয়া হয়। এক খবরে জানিয়েছে এমটিভি।তবে বিবারের মুখপাত্র হোটেল থেকে বের করে দেওয়ার ঘটনা অস্বীকার করে বলেছেন, আমরা আগেই হোটেল থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু হোটেলটির কোনো আলাদা বের হওয়ার পথ ছিল না। আর হোটেলটির সামনেই বিবার ভক্তরা ভিড় জমাচ্ছিলেন। নিরাপত্তা সমস্যার কথা ভেবে হোটেল পরিবর্তনের সিদ্ধান্ত নেন বিবার।বিবার হোটেল ছেড়েছেন নাকি তাঁকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে সে প্রসঙ্গে ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপক জঁ-মার্ক এক ব্লগ পোস্টে লিখেছেন, অর্ধচন্দ্রই জুটেছে বিবারের কপালে!