প্যারিসে ‘শুনতে কি পাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য ছবি শুনতে কি পাও এবার প্রদর্শন করা হবে ফ্রান্সের প্যারিসের মিউজিয়াম অব মডার্ন আর্টে। সুন্দরবনের কোল ঘেঁষে ভদ্রা নদীর পাড়ে ছোট্ট একটি গ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। এর পরিচালক কামার আহমাদ জানান, ফ্রান্সের প্রধান ও ইউরোপের অন্যতম প্রামাণ্য ছবির আসরগুলোর একটি সিনেমা দ্যু রিলে। এর ৩৫তম উৎসবের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছে শুনতে কি পাও। গতকাল ২১ মার্চ শুরু হয়েছে এই উৎসব। প্যারিসের মিউজিয়াম অব মডার্ন আর্টে চলবে ৩১ মার্চ পর্যন্ত।এরই মধ্যে শুনতে কি পাও ছবিটি প্রতিযোগিতামূলক তিনটি ইউরোপীয় অনুদান পুরস্কার পেয়েছে। পেয়েছে এশিয়ান ফোরাম ফর ডকুমেন্টারিতে সেরা ভাবনার স্বীকৃতি। এ ছাড়া ২০১২ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবের বিশেষ আসর ‘বার্লিন ট্যালেন্ট ক্যাম্পাস’-এর সম্পাদনা ল্যাবে আমন্ত্রণ পায় ছবিটি। কিন্তু বাংলাদেশে ছবিটি এখনো বাণিজ্যিকভাবে মুক্তি দেওয়া হয়নি। কামার আহমাদ বলেন, ‘সম্প্রতি আমরা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। কিন্তু বাংলাদেশের চলমান নানা পরিস্থিতির কারণে আরও কিছুদিন পর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। এ ছাড়া আমরা ঢাকা ও ঢাকার বাইরের চলচ্চিত্র সংসদগুলোর সহযোগিতা নিয়ে বিকল্প ব্যবস্থায় ছবিটি প্রদর্শনের কথাও ভাবছি।’