প্যারিসেও ফ্রেমের বাইরে সাদ

প্যারিসে পৌঁছানোর পর মেসেঞ্জারে ছবিটির অভিনেত্রী আজমেরী হক বাঁধনের পাঠানো এক স্থিরচিত্রে ছয়জনকে পাওয়া গেল, যথারীতি অনুপস্থিত আবদুল্লাহ মোহাম্মদ সাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদে প্যারিস পৌঁছেছে ‘রেহানা মরিয়ম নূর’ দল। প্যারিসে পৌঁছানোর পর মেসেঞ্জারে ছবিটির অভিনেত্রী আজমেরী হক বাঁধনের পাঠানো এক স্থিরচিত্রে ছয়জনকে পাওয়া গেল, যথারীতি অনুপস্থিত আবদুল্লাহ মোহাম্মদ সাদ। বাকিজন কই, জিজ্ঞেস করতেই বাঁধন জানালেন, ‘আমাদের ডিরেক্টর সাদই ছবিটি তুলে দিয়েছেন।’ তবে বরাবরের মতো এবারও নিজেকে আড়ালেই রাখলেন সাদ।

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

বাঁধনের পাঠানো স্থিরচিত্রে তিনি ছাড়া আছেন শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয়, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, চিত্রগ্রাহক তুহিন নাজমুল ও নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। কানের পথে উড়াল দেওয়ার আগে আজমেরী হক বাঁধন জানিয়েছিলেন, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার আটজন পেয়েছেন ফ্রান্সের ভিসা। এর মধ্যে সাতজনের দল আজ যাচ্ছে, অন্যজন পরে যাবেন।

‘রেহানা মরিয়ম নূর’ ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন
ছবি : সংগৃহীত

কোয়ারেন্টিন শেষ হবে ৪ জুলাই। এরপর ‘রেহানা মরিয়ম নূর’ দল যাবে নিস। এই সমুদ্রশহর থেকে কান ৩০ কিলোমিটারের মতো। এই সৈকতের শহরে বসবে কান চলচ্চিত্র উৎসবের আসর। ‘রেহানা মরিয়ম নূর’ কানে দেখানোর কথা ৭ ও ৮ জুলাই, তবে এখনো আনুষ্ঠানিকভাবে সেটি জানায়নি উৎসব কর্তৃপক্ষ। সেখানেই প্রথমবারের মতো পুরো ছবিটি দেখার সুযোগ পাবেন বাঁধন। ফ্রান্সে উড়াল দেওয়ার আগে বাঁধন প্রথম আলোকে বলেছিলেন, ‘আমাকে সাদ বলতেন, “ছবিটি তুমি একবারে ওয়ার্ল্ড প্রিমিয়ারে দেখবে।” সেই কথাই সত্যি হচ্ছে।’

‘রেহানা মরিয়ম নূর’ ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন
ছবি : সংগৃহীত

কানের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে মনোনয়ন পেয়েছে ১৫ দেশের ১৮টি সিনেমা। প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল তরুণ পরিচালকদের সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দিতে ১৯৭৮ সালে বিভাগটি চালু করেন জিল জ্যাকব। এই বিভাগে বিজয়ী সেরা ছবিকে দেওয়া হয় ৩০ হাজার ইউরো। ৬ জুলাই থেকে ফ্রান্সের কানে বসবে উৎসবের ৭৪তম আসর। উৎসবের সমাপনী দিন ১৭ জুলাই পর্যন্ত। ১৮ জুলাই সবার দেশে ফেরার কথা রয়েছে।