প্যারিসের ছবি

‘আর্টিস্ট রেসিডেন্সি’ প্রোগ্রামে গত বছরের নভেম্বর মাসে ফ্রান্সের প্যারিসে ছিলেন আলোকচিত্রী সুমন ইউসুফ। শহরটিতে ঘুরছিলেন আর ছবি তুলছিলেন মুগ্ধ আলোকচিত্রী। নভেম্বরের ১৩ তারিখ শুক্রবার হঠাৎ বদলে যায় সুন্দর সেই শহর। বেশ কয়েকবার জঙ্গি হামলায় সেখানে মারা যান ১৩০ জন মানুষ, আহত হন ৩৭০ জনেরও বেশি। প্যারিস সেদিন পরিণত হয় কান্না ও শোকের শহরে। সেই মর্মান্তিক প্যারিসকে সুমন ধরে রেখেছেন আলোকচিত্রে।
প্যারিসের সেই ছবিগুলো নিয়ে কাল শুক্রবার বিকেলে শুরু হচ্ছে সুমন ইউসুফের দ্বিতীয় একক আলোকচিত্র প্রদর্শনী ‘নভেম্বরে প্যারিস’। ধানমন্ডির অলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবের।
ফিলিপাইনের অ্যাটেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির এশিয়ান সেন্টার ফর জার্নালিজমে ‘ভিজুয়াল লিটারেসি’ বিষয়ে পড়েছেন সুমন ইউসুফ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে তাঁর আলোকচিত্র। বেশ কয়েকটি প্রতিযোগিতায় কয়েকটি দেশ থেকে সুমন পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। জলবায়ু–বিষয়ক বিখ্যাত আলোকচিত্রী ইয়ান আর্থুছ ব্যারর্থর তত্ত্বাবধানে ২০১৫ সালে ফাউন্ডেশন অলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত জলবায়ু পরিবর্তনের ওপর একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম হন সুমন। ২০১৩ সালে জার্মানির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আয়োজিত দুর্নীতি প্রতিরোধী আলোকচিত্র প্রতিযোগিতায় রানা প্লাজা ধসের ছবির জন্য হন তৃতীয়।
‘নভেম্বর প্যারিস’ প্রদর্শনীতে থাকবে সুমনের ২১টি আলোকচিত্র। শুক্রবার শুরু হয়ে প্রদর্শনীটি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত লা গ্যালারি খোলা থাকবে। যে–কেউ ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন প্যারিসে তোলা সেই ছবিগুলো।