প্যারিসের প্রেক্ষাগৃহে ‘গহীনে শব্দ’
খালিদ মাহমুদ মিঠুর গহীনে শব্দ ছবিটি বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে ফ্রান্সের প্যারিসের প্রেক্ষাগৃহে। এরই মধ্যে ছবিটির ফরাসি ভাষায় সাবটাইটেল করা হয়েছে। জানা গেছে, শুরুতে প্যারিসের আটটি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শন করা হবে। ছবিটির ব্যবসায়িক ফলাফল দেখে পরে আরও কিছু প্রেক্ষাগৃহে তা প্রদর্শন করার ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি ছবিটি ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার ব্যাপারে পরিবেশক প্রতিষ্ঠান সিনেমা লি ব্র্যাডি প্যারিস ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।বাংলাদেশি কোনো চলচ্চিত্র প্যারিসের প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি দেওয়া উপলক্ষে ২০ সেপ্টেম্বর সিনেমা লি ব্র্যাডির এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এনামুল কবির, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির পরিচালক খালিদ মাহমুদ মিঠু, শিল্পী ইমন ও কুসুম শিকদারের উপস্থিত থাকার সম্ভাবনা আছে।ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, ভবিষ্যতে একই প্রক্রিয়ায় বাণিজ্যিকভাবে সুইজারল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামে মুক্তি দেওয়া হবে গহীনে শব্দ ছবিটি।ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান বলেন, ‘আমরা মনে করছি, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি নতুন দরজা খুলতে যাচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে ছবি মুক্তি দেওয়ার ব্যাপারে আমরা দুই বছর যাবৎ বিভিন্নভাবে চেষ্টা করছি। আমাদের উদ্যোগ সফল হলে বাংলাদেশের অন্য প্রযোজকেরাও এই সুবিধা ভোগ করতে পারবেন।’