প্যারোলে মুক্তির আবেদন করেছেন সঞ্জয়

প্যারোলে মুক্তির আবেদন করেছেন অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। তিন মাস ধরে পুনের ইয়েরাওয়াড়া কারাগারে সাজা খাটছেন তিনি। কারা কর্তৃপক্ষের অনুমতি পেলে ১৪ দিন জেলের বাইরে থাকার সুযোগ পাবেন এ ‘খলনায়ক’ তারকা।
সম্প্রতি ইয়েরাওয়াড়া কারা কর্তৃপক্ষ বরাবর ১৪ দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছেন সঞ্জয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে সমাজবিচ্ছিন্ন হয়ে না পড়েন, সে লক্ষ্যে তাঁদের সাময়িক ছুটি দেওয়ার বিধান রয়েছে ইয়েরাওয়াড়া কারাগারে। এ সুযোগকে কাজে লাগিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেছেন সঞ্জয়।
এর আগেও একবার ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন সঞ্জয়। চিকিত্সা নেওয়ার কারণ দেখিয়ে সেই আবেদন করেছিলেন তিনি। এ প্রসঙ্গে কারা কর্মকর্তা যোগেশ দেশাই বলেন, ‘যুক্তিযুক্ত কারণ দেখিয়ে যেকোনো সময়ে প্যারোলে মুক্তির আবেদন করতে পারেন কারাবন্দীরা। চিকিত্সা নেওয়ার কারণ দেখিয়ে ২০ দিন আগে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন সঞ্জয়।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
যোগেশ আরও বলেন, ‘সঞ্জয়ের আবেদন বিভাগীয় কমিশনারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জেলের ভেতর বন্দীর আচরণসহ কারা কর্তৃপক্ষের কাছ থেকে বন্দী সম্পর্কে খুঁটিনাটি নানা তথ্য পর্যালোচনা করে প্যারোলে মুক্তি দেওয়া হবে কি না, তা চূড়ান্ত করা হয়।’
প্রসঙ্গত, ১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছিল। সে সময় ওই ভয়াবহ বিস্ফোরণে মারা গিয়েছিল ২৫৭ জন। আহত হয়েছিলেন ৭০০ জনেরও বেশি। ভয়াবহ ওই সহিংসতার পর বিস্ফোরণ মামলার সঙ্গে সম্পৃক্ততা এবং বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ১৯৯৩ সালের এপ্রিল মাসে সঞ্জয়কে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এ ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে সঞ্জয় দত্তের বাড়ি তল্লাশি করে একটি একে-৫৬ রাইফেল ও একটি লাইসেন্সহীন নাইন এমএম পিস্তল খুঁজে পেয়েছিল পুলিশ।
পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ থেকে নিষ্কৃতি পান সঞ্জয়। কিন্তু বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের মামলায় গত ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। এ মামলায় সঞ্জয় দেড় বছর সাজা ভোগ করেছেন। এই হিসাবে আর সাড়ে তিন বছর কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।