প্যাসেঞ্জারের সুরযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল ডেভিড রোজেনবার্গ, প্যাসেঞ্জার নামেই যার পরিচয়
মাইকেল ডেভিড রোজেনবার্গ, প্যাসেঞ্জার নামেই যার পরিচয়

বিলবোর্ড শীর্ষ তালিকাকে কি নিজের বাড়ি বানিয়ে ফেললেন এই ‘প্যাসেঞ্জার’? এ সপ্তাহে হট রক গানের তালিকায় তৃতীয় স্থান দখল করে থাকার মধ্য দিয়ে একান্ন সপ্তাহ ধরে তাঁর ‘লেট হার গো’ গানটি বিলবোর্ডের শীর্ষ তালিকায় অবস্থান করছে। কে এই প্যাসেঞ্জার? তাঁর গন্তব্যই বা কোথায়? আজকের আয়োজন এই যাত্রীকে নিয়েই।
প্যাসেঞ্জার নামেই সুপরিচিত যে গায়ক, তাঁর প্রকৃত নাম মাইকেল ডেভিড রোজেনবার্গ। রোজেনবার্গ ১৯৮৪ সালের ১৭ মে ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের ব্রাইটন অ্যান্ড হাংয়ে জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলাতেই তাঁর ক্ল্যাসিকাল গিটারে হাতেখড়ি। ১৪-১৫ বছর বয়সে তাঁর গান লেখার শুরু। সংগীতের প্রতি পুরোপুরি মনোনিবেশ করার লক্ষ্যে তিনি ব্রাইটনের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হননি। এখন পর্যন্ত তিনি ব্রাইটনেই বসবাস করেন।
ষোলো বছর বয়সে তিনি জীবনে প্রথমবারের মতো মঞ্চে সংগীত পরিবেশন করেন। ২০০৩ সালে তিনি অ্যান্ড্রু ফিলিপসের সঙ্গে ‘প্যাসেঞ্জার’ নামে একটি গানের দল গঠন করেন। পাঁচ সদস্যবিশিষ্ট সেই দলের প্রথম ও একমাত্র অ্যালবাম উইকেড ম্যান’স রেস্ট ২০০৭ সালে বের হয়েছিল। অ্যালবামটির একটি গান বাদে সবগুলোই রোজেনবার্গের লেখা ছিল। ২০০৯ সালে দলটি ভেঙে যায়। পরবর্তী সময়ে রোজেনবার্গ এককভাবেই সংগীত করার সিদ্ধান্ত নেন। আর আগের দলের নাম প্যাসেঞ্জারকে তখন থেকে তিনি নিজের মঞ্চ-নাম হিসেবে ব্যবহার করতে শুরু করেন।
২০০৯ সালের অক্টোবর মাসে তিনি অস্ট্রেলিয়া সফরে যান। সেখানে ৫০০ আসনবিশিষ্ট একটি মিলনায়তনে গান করেন, যেটার সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া সফর তাঁকে অনেকটা পরিচিতি এনে দিতে শুরু করেছিল।
সেই একই বছরে তাঁর প্রথম একক অ্যালবাম ওয়াইড আইজ ব্লাইন্ড লাভ বের হয়েছিল। ২০১০ সালে অস্ট্রেলিয়াতে তাঁর দ্বিতীয় অ্যালবাম ফ্লাইট অব দ্য ক্রো শুধু ভক্তদের জন্য সীমিত সংখ্যক কপি বের করা হয়।

প্যাসেঞ্জারের যত অ্যালবাম—
 ওয়াইড আইজ ব্লাইন্ড লাভ (২০০৯)
 ডাইভারস অ্যান্ড সাবমেরিনস (২০১০)
 ফ্লাইট অব দ্য ক্রো (২০১০)
 অল দ্য লিটল লাইটস (২০১২)
সর্বশেষ অ্যালবামটি ২০১২ সালে বের হলেও তার রেশ কাটেনি এখনো। সেই অ্যালবামের ‘লেট হার গো’ গানটি এখন পর্যন্ত শ্রোতাদের আচ্ছন্ন করে রাখছে। এ গানটির জন্য ইতিমধ্যেই তিনি পুরস্কার পেয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৩-এর সেরা লোকগায়ক এবং গীতিকার ও গ্যালগালাজ: ইজরায়েলি অ্যানুয়াল সং চার্টের ২০১৩ সালের সেরা গান হিসেবে প্যাসেঞ্জার পুরস্কৃত হন। আর ২০১৪ সালের ব্রিট অ্যাওয়ার্ডসের জন্য ‘লেট হার গো’ ‘ব্রিটিশ সিঙ্গেল অব দ্যা ইয়ার’ হিসেবে মনোনীত হয়েছে। এর ফলাফল এখনো অজানা।
 মনোয়ারুল হক