প্রকাশিত হলো 'ছবির কবি হাশেম খান'

শিশু-কিশোরদের জন্য ছবিসহ ৫৫ কবির লেখা নিয়ে চিত্রশিল্পী হাশেম খানকে নিয়ে প্রকাশিত হলো ‘ছবির কবি হাশেম খান’ শীর্ষক গ্রন্থ। আজ শনিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন, শিশু সাহিত্যিক আলী ইমাম, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন শিল্পী হাশেম খানও।
২০১৬ সালের ১৬ এপ্রিল হাশেম খান ৭৫ বছরে পা দেবেন। এ জন্য বর্ষব্যাপী যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে, তারই সূচনা এটি। ছবিতে ৫৫ কবির কবিতা তো আছেই, এ ছাড়াও হাশেম খানের আঁকা নানা বইয়ের সমন্বিত ইলাস্ট্রেশনও এখানে দেখা যাবে।
প্রকাশনা অনুষ্ঠানের আবুল মাল আবদুল মুহিত বলেন, হাশেম খান আমাদের দেশের একজন নামকরা চিত্রশিল্পী। সদাসক্রিয় এক শিল্পী তিনি। এ বইতে যারা লিখেছেন, তারাও তাদের অন্তরের অন্তস্তল থেকে লিখেছেন। বইটিতে অল্প কথায় মনের ভাব প্রকাশ করেছেন লেখকেরা। যার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে অনন্য এক শিল্পীকে।
প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী, মুনতাসীর মামুন, শামসুজ্জামান খানসহ অন্যান্য অতিথিরা হাশেম খানকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
শিল্পী হাশেম খান বলেন, ৫৫ জন মানুষ আমাকে যে কি পরিমাণ ভালোবাসেন, তা এ বইয়ের প্রতিটি কবিতায় প্রকাশ পেয়েছে। এ বইয়ের জন্য কবিদের লেখার কোনো শব্দ বাদ দেওয়া হয়নি। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে শিশুদের পরিবেশনায় দেশাত্মবোধক তিনটি গান গাওয়া হয়। চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত বইটিতে শিশু-কিশোরদের জন্য ৫৫ কবির লেখা রয়েছে। বই প্রকাশে সহযোগিতা করেছে বেসরকারি এক্সিম ব্যাংক লিমিটেড।