প্রকাশিত হলো আরাধ্য বচ্চনের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ে আরাধ্যকে কোলে নিয়ে আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন—সম্প্রতি এমন কয়েকটি ছবি প্রকাশ করেছে ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস।আরাধ্যের বয়স ছয় মাস হলেও, এখন পর্যন্ত তার ছবি প্রকাশ করেনি বচ্চন পরিবারের সদস্যেরা। তবে সম্প্রতি বহুল আকাঙ্ক্ষিত এই তারকা পরিবারের সন্তানের বেশ কয়েকটি ছবি তুলতে পেরেছে হিন্দুস্তান টাইমস। এর মধ্যে ইন্টারনেটে ছবিগুলো প্রকাশও পেয়েছে। জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।মেয়ে আরাধ্যকে নিয়ে এবারের কান চলচ্চিত্র উত্সবে যোগ দিতে গিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখান থেকে ফেরার পথে ফ্রান্সের নাইস-কোট ডি’আজার আন্তর্জাতিক বিমানবন্দরে ঐশ্বরিয়া ও আরাধ্যের এ ছবিগুলো তোলা হয়েছে। প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, আরাধ্যকে কোলে নিয়ে আছেন ঐশ্বরিয়া।বেশ কাছ থেকে তোলা হলেও, আরাধ্যর মুখাবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে না ছবিগুলোতে। কারণ, খুব সচেতনভাবেই হাত দিয়ে আরাধ্যর মুখ ঢেকে রেখেছিলেন তার মা। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে জন্মের পর থেকেই বচ্চন পরিবারের নতুন অতিথি আরাধ্যকে এক নজর দেখার জন্য সবার মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। কিন্তু কোনো এক অজানা কারণে আরাধ্যর ছবি প্রকাশ করা থেকে বিরত রয়েছেন বচ্চন পরিবারের সদস্যেরা। বেশ কয়েকটি আন্তর্জাতিক পত্রিকা আরাধ্যর ছবির স্বত্ব কিনে নেওয়ার জন্য ১৫ থেকে ২০ মিলিয়ন ডলার পর্যন্ত দিতে চেয়েছে। তার পরও বচ্চন পরিবারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আরাধ্যর ছবি বেচবেন না তাঁরা।