প্রকাশিত হলো সুরমা নদীর গাংচিল

হেমাঙ্গ বিশ্বাসকে নিয়ে লেখা সুরমা নদীর গাংচিল নামক বইয়ের মোড়ক উন্মোচিত হলো গতকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে। উপমহাদেশের এই গণসংগীতশিল্পীর বর্ণাঢ্য জীবন নিয়ে বিভিন্ন প্রবন্ধে সাজানো বইটি সম্পাদনা করেছেন আরেক গণসংগীতশিল্পী ফকির আলমগীর।
বইটির মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘হেমাঙ্গ বিশ্বাসের স্মৃতি বলতে এইটুকুই মনে আছে, তাঁকে হারমোনিয়াম গলায় রাস্তায় রাস্তায় গান গাইতে দেখেছিলাম। তিনি সিলেটের মানুষ ছিলেন।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘হেমাঙ্গ বিশ্বাসের কাছ থেকে আদর্শিক শিক্ষা ছাড়াও অর্থনৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা গ্রহণ করা আমাদের আগ্রহের বিষয় ছিল। হেমাঙ্গ বিশ্বাস ছিলেন খাঁটি জহুরি। ময়মনসিংহের মহানন্দ দাসের মতো দরাজ কণ্ঠের শিল্পীকে তিনি চিনেছিলেন।’
আরও বক্তব্য দেন সাবেক সচিব আজিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, আইসিসিআরের রবীন্দ্র চেয়ার অধ্যাপক মহুয়া মুখার্জি ও অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল ইসলাম।
ঋষিজ শিল্পীগোষ্ঠীর ‘এই সমাধি তলে কত প্রাণ প্রদীপ জ্বলে’ গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান।