প্রকাশের আত্মপ্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব্ব বিভাগের প্রথম বর্ষের ছাত্র প্রকাশ। বিনোদন জগতে কাজ করার আগ্রহ তাঁর অনেক দিনের। দু-একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করেন। সে সময়অমিতাভ রেজার চোখে পড়েন তিনি। সবকিছুই তখন তাঁর কাছে স্বপ্নের মতো। সেই স্বপ্নভুবনের একজন হতে চান তিনি। কিন্তু কীভাবে?একদিন হঠাৎ করেই অমিতাভ রেজার ফোন?‘তোর কপাল তো খুলে গেল রে? অনেক বড় একটা সুখবর আছে।’আনন্দে মন লাফিয়ে ওঠে প্রকাশের।প্রকাশ জানে না যে তাঁর জন্য এটা শুধুই সুখবর ছিল না। নিজেকে মেলে ধরার এক অভাবনীয় সুযোগ এসেছে।অমিতাভ রেজার গুরু অমিত সেন প্রকাশের কাজ দেখেছেন। সেই কাজ দেখে প্রকাশকে একটি চলচ্চিত্রে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।অপেক্ষার প্রহর গুনতে থাকেন প্রকাশ। দিন যায়, সপ্তাহ ঘুরে মাস কেটে যায়। কিন্তু আর কোনো খবর আসে না। একসময় প্রকাশ সব ভুলে গিয়ে আবার পড়াশোনায় মন দেন।মাস ছয়েক পর আচমকা ফোন আসে কলকাতা থেকে। অমিত সেন নিজেই ফোন করেছেন তাঁকে।প্রকাশের মন চঞ্চল হয়ে ওঠে। তাঁকে সরাসরি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন অমিত। জানতে চান রাজি কি না।মোস্তফা প্রকাশের মুখ দিয়ে কোনো বাক্য বের হওয়ার উপায় ছিল না। যখন শুনলেন, তাঁকে অভিনয় করতে হবে স্বপ্নলোকের এক তারকার সঙ্গে। প্রকাশ নিজেকে সামলে নিয়ে শুধু বলেছিলেন, ‘আমি কাজ করতে চাই।’এরপর কলকাতায় ছুটলেন তিনি। রাইমা সেনের সঙ্গে পরিচয় হলো তাঁর। মনে শঙ্কা ছিল, নিশ্চয়ই অনেক অহংকারী হবেন; বাংলাদেশের এক সাধারণ শিক্ষার্থীকে কি রাইমা খুব বেশি পাত্তা দেবেন?প্রথম দিনের পরিচয়েই রাইমাকে খুব কাছের মনে হলো প্রকাশের। ‘দেখলাম, তিনি আমাকে খুব সহযোগিতা করছেন। আমাদের নিয়ে পরিচালক বিভিন্নভাবে ফটোসেশন থেকে শুরু করে ছবির সংলাপ-মহড়া করালেন। রাইমা নিজ থেকে আমার জড়তাগুলো কাটিয়ে দিতে সহযোগিতা করলেন। কয়েক দিনের মধ্যেই আমরা হয়ে উঠলাম ভালো বন্ধু। একদিন রাইমা আমাকে তাঁদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানালেন। নিজের কৌতূহল আর ধরে রাখতে পারলাম না। বললাম, একটাই চাওয়া আপনার কাছে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য কি সুচিত্রা সেনের সঙ্গে আমাকে দেখা করাবেন?’প্রকাশের আবদার রক্ষা করতে পারেননি রাইমা। প্রকাশকে বুঝিয়ে বললেন, ‘পরিবারের মধ্যে মা, আমরা দুই বোন আর বাবা ছাড়া দিদার কাছে যাওয়ার কারও কোনো সুযোগ নেই। আমাকে ক্ষমা করেন।’রাইমার কথা শুনে কিছুটা দমে যান প্রকাশ, কিন্তু রাইমার কাছ থেকে মহানায়িকা সম্পর্কে যে গল্পগুলো শুনেছেন, তাতেই অনেক খুশি প্রকাশ।দেড় বছরেরও বেশি সময় ধরে নটবর নট আউট ছবির শুটিং করলেন প্রকাশ। ছবির কাজ দেখেছেন।‘কেমন হয়েছে?’‘নিজে কিছু বলব না। কাল ১২ নভেম্বর ছবিটি কলকাতায় মুক্তি পাচ্ছে। আমার একটি স্বপ্ন অবমুক্ত হচ্ছে। আপনারাই বিচার করবেন।’প্রকাশের জন্য এই কাজটা প্রথম থেকেই ছিল একটা চ্যালেঞ্জ। প্রকাশ জানালেন, ছবিটিতে প্রথমে কাজ করার কথা ছিল ফেরদৌসের। কিন্তু শিডিউল মেলাতে পারেননি ফেরদৌস। পরিচালক তখন সিদ্ধান্ত নেন, তিনি নতুন কাউকে নেবেন। ‘ফেরদৌস ভাই অনেক পরিচিত একটি মুখ। চেষ্টা করেছি ভালোভাবে কাজটা করতে। ফেরদৌস ভাই তো অনেক অভিজ্ঞ। কিন্তু আমার চেষ্টার কমতি ছিল না।’ বলছিলেন প্রকাশ।দুদিন আগেই প্রকাশ ঢাকা ছেড়েছেন কলকাতার উদ্দেশে। যাওয়ার আগে প্রথম আলোর কার্যালয়ে এসেছিলেন তিনি। নিজের গল্প শোনালেন তখনই।