
তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ের প্রাঙ্গণ সবুজে ভরে উঠেছিল গতকাল। হরেক রকমের গাছগাছালির সঙ্গে রংবেরঙের ফুল, ফল, পাখপাখালির কলকাকলিতে মুখরিত পরিবেশ। দিনব্যাপী প্রকৃতি মেলা উপলক্ষে রচনা করা হয়েছিল এই সবুজের সমারোহ।
‘বেঁচে থাক সবুজ বেঁচে থাক’ স্লোগান নিয়ে গতকাল শনিবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো প্রকৃতি মেলা। চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ যৌথভাবে এর আয়োজন করে। পৃষ্ঠপোষকতা দিয়েছে গ্রামীণফোন।
সকালে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছিল শিশু-কিশোরের সমবেত নৃত্য দিয়ে। এরপর শুরু হয় ব্যতিক্রমী এই মেলার আনুষ্ঠানিকতা। খাঁচা থেকে তিনটি সাদা বক ছেড়ে দিয়ে অতিথিরা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উড়িয়ে দেন একগুচ্ছ রঙিন বেলুন।
অতিথিদের মধ্যে ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, লেখক সৈয়দ শামসুল হক, আইনুন নিশাত, ইনাম আল হক, মনোয়ার হোসেন, আলী ইমাম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক আবদুর রশীদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশনস তাহমীদ আজিজুল হকসহ পরিবেশবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানীরা।
নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিওকে পরিবেশ সংরক্ষণে অবদান রাখায় সম্মাননা দেওয়া হয়। মৃৎশিল্পী বিষাদ হরি পালকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। মেলামঞ্চে দিনভর ছিল প্রকৃতি নিয়ে গান, নৃত্য, গম্ভীরা, মূকাভিনয়, নাটকসহ বিভিন্ন পরিবেশনা। খুরশীদ আলম, ফরিদা পারভীন, ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, ইন্দ্রমোহন রাজবংশী, চন্দনা মজুমদার, বাপ্পা মজুমদার, বিপ্লব, কোনালসহ বিভিন্ন শিল্পী এতে অংশ নেন। ছবি এঁকেছেন শিল্পী বীরেন সোম, আবদুল মান্নান, মুনিরুজ্জামান, ভাস্কর রাশা, জহিরউদ্দিন প্রমুখ।
মেলায় ছিল বিভিন্ন প্রজাতির গাছ। আনুষঙ্গিক দ্রব্যাদি নিয়ে স্টল ছিল ২৫টি প্রতিষ্ঠানের।
বেঙ্গলে নির্ভার জগৎ
রোমপ্রবাসী শিল্পী এ রহমানের ‘নির্ভার জগৎ’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হলো গতকাল থেকে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে।
প্রধান অতিথি হিসেবে শিল্পী মনিরুল ইসলাম বিকেলে দুই সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি ছিলেন শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৬২টি। প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
শিল্পী এ রহমানের জন্ম ফেনীতে। তিনি ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বিএফএ ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর ১২টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলগত প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তিনি ২০০৩ সাল থেকে ইতালিতে বসবাস করছেন এবং স্বাধীনভাবে শিল্পচর্চা করছেন।