
আরও বেশি করে গাছ লাগানো এবং দূষণ কমানোর মাধ্যমে প্রকৃতি রক্ষার আহ্বান জানিয়ে বর্ষা ঋতুকে আবাহন করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উদীচী ঢাকা মহানগর সংসদ আয়োজিত বর্ষা উৎসবে এ আহ্বান জানানো হয়।
উদীচীর বর্ষা উৎসবের শুরুতেই ছিল যন্ত্রসংগীত পরিবেশনা। এতে অংশ নেন লিটন দত্ত, রবিন্স চৌধুরী, অরূপ শীল, সজল দেওয়ান, সুমন প্রমুখ শিল্পী। এরপর বাংলাদেশ উদীচীর শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করেন। বিজন চন্দ্র মিস্ত্রি ও নীহারিকা পরিবেশন করেন উচ্চাঙ্গসংগীত। মেঘদূত কবিতা আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। দলীয় নৃত্য পরিবেশন করে হ্যাপি হোমস।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উদীচীর সহসভাপতি মাহমুদ সেলিমের সঞ্চালনায় ছিল সংগীত ও আবৃত্তি আড্ডা। বর্ষাকথনে অংশ নেন শিল্পী হাশেম খান। অমিত রঞ্জন দের সঞ্চালনায় সংক্ষিপ্ত এ আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু প্রমুখ। এই পর্বের শেষে ‘বর্ষা ঘোষণা’ পাঠ করেন উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার। অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল গান, নাচ ও আবৃত্তি৷