প্রকৃতির বহিরঙ্গ ও অন্তরঙ্গের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলাকেন্দ্র শিল্পালয়ে ‘ইনসাইড আউট’ প্রদর্শনীর উদ্বোধন করে বক্তৃতা দেন বরেণ্য শিল্পী রফিকুন নবী l ছবি: প্রথম আলো
কলাকেন্দ্র শিল্পালয়ে ‘ইনসাইড আউট’ প্রদর্শনীর উদ্বোধন করে বক্তৃতা দেন বরেণ্য শিল্পী রফিকুন নবী l ছবি: প্রথম আলো

রাজধানীর মোহাম্মদপুরের কলাকেন্দ্র শিল্পালয়ে একটি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে গতকাল। তরুণ চিত্রকর প্রমিতি হোসেনের এটি প্রথম একক প্রদর্শনী। শিল্পীর বেড়ে ওঠায় প্রকৃতি যে একটি বড় ভূমিকা রেখেছে, তাঁর ৩২টি ছবি দেখলে সেটা বোঝা যায়।
ছবিতে প্রমিতি ধরতে চেয়েছেন প্রকৃতির বহিরঙ্গ ও অন্তরঙ্গের ছায়া। সে জন্যই হয়তো প্রদর্শনীর শিরোনাম হয়েছে ‘ইনসাইড আউট’। চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত, বিকেল পাঁচটা থেকে রাত আটটা।
প্রমিতির বাবা শিল্পী নিসার হোসেন। বাবার সান্নিধ্যেই প্রমিতি নিবিড় সম্পর্ক করেছেন প্রকৃতির সঙ্গে। দেশে চার বছর ফটোগ্রাফি শিখে ২০১৪ সালে গিয়েছিলেন শান্তিনিকেতনে। সেখানেই পড়াশোনা করেছেন চিত্রকলা নিয়ে। বেশ কয়েকটি দলগত প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
গতকাল প্রদর্শনী উদ্বোধন করেছেন শিল্পী রফিকুন নবী ও লালা রুখ সেলিম। প্রদর্শনীটির কিউরেট করেছেন শিল্পী ওয়াকিলুর রহমান ও কেহকাশা সাবা।