প্রকৃতির সংস্পর্শে নবীনদের ছবি আঁকা
গাছের ছায়ায় মনোরম প্রাকৃতিক পরিবেশে ছবি আঁকায় মগ্ন ছিলেন নবীন শিল্পীরা। তুলির আঁচড়ে তাঁরা ফুটিয়ে তুলেছেন নানা দৃশ্য। রং-তুলির আঁচড় দিতে দিতে গুনগুন করে গান ধরেছেন কেউ ‘তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল ক্লান্ত দুপুরবেলা...’। ক্লান্ত দুপুরে পরিবেশের সঙ্গে নিজেদের ছবি আঁকার আনন্দ ভাগাভাগি করতেই যেন তাঁরা সমবেত হয়েছিলেন রমনা পার্কে। তরুণেরা ছবি এঁকেছেন। সেসব ছবিতে উঠে এসেছে প্রকৃতি, রমনার লেক, দুপুরে পার্কের বেঞ্চে আলাপচারিতায় মগ্ন যুগল, মৎস্য শিকার আরও কত কী! এর কোনোটা মূর্ত, কোনোটা বিমূর্ত, কোনোটা মূর্ত-বিমূর্তের মিশেল।রমনার বটমূলে গতকাল দুপুরে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড সৃজনী ২০১০’ নামে মাসব্যাপী আর্টক্যাম্পের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নবীন শিল্পীদের হাতে রং-তুলি এবং কাগজ দিয়ে ক্যাম্পের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব কনজ্যুমার ব্যাংকিং সন্দীপ বোস, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী, চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, রেজাউল করিম, বীরেন সোম, অলকেশ ঘোষ ও সমীরণ চৌধুরী।‘স্ট্যান্ডার্ড চার্টার্ড সৃজনী ২০১০’ নামের এই আর্টক্যাম্পের আয়োজন করা হয়েছে শিল্পী বীরেন সোম ও সমীরণ চৌধুরীর উদ্যোগে। আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও এর আগে ৫ ডিসেম্বর লালমাটিয়ায় শিল্পানু একাডেমি অব ফাইন আর্টসে এই আর্টক্যাম্পের যাত্রা শুরু হয়। সেখানে পর পর তিন দিন ছবি এঁকেছেন শিল্পীরা। পরে রবীন্দ্রসরোবর ও কামারাঙ্গীরচরের বছিলা এলাকায় গিয়ে ছবি এঁকেছেন শিল্পীরা। ভবিষ্যতে সোনারগাঁয়ের পানামনগর এবং শীতলক্ষ্যা নদীর পাড়সহ মোট ১৬টি ভিন্ন লোকেশনে গিয়ে ছবি আঁকবেন।ক্যাম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, চট্টগ্রাম আর্ট কলেজ ও নারায়ণগঞ্জ আর্ট কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তাঁরা জলরং ব্যবহার করে ছবি আঁকছেন। আর ক্যাম্পে তাঁদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, রেজাউল করিম ও অলকেশ ঘোষ। তাঁদের তত্ত্বাবধানে দেড় মাসব্যাপী চলবে এ ক্যাম্প। শেষে ক্যাম্পে আঁকা ছবি নিয়ে আগামী মাসে দলীয় প্রদর্শনীর আয়োজন করা হবে।পাখির চোখে ধরিত্রী দেখাফরাসি আলোকচিত্রী ইয়ান আর্থাস-বার্ট্রান্ড পাখির চোখে পৃথিবীকে দেখেছেন। হেলিকপ্টারের সাহায্যে আকাশে বেড়িয়ে ক্যামেরাবন্দী করেছেন নানা দেশের মানুষের জীবন আর নিসর্গ। তাঁর এসব ছবি নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে ‘আর্থ ফ্রম এবাভ’ শীর্ষক দুই মাসব্যাপী প্রদর্শনী।ইউএস বাংলাদেশ ফাউন্ডেশন ও ট্রেক্স ইউরোপ আয়োজিত এ প্রদর্শনীর আলোকচিত্রে শুধু পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্যই প্রতিফলিত হয়নি, একই সঙ্গে পরিবেশের ক্ষতিকর আক্রমণের চিহ্নও দৃশ্যমান হয়ে উঠেছে। পরিবেশ বিপর্যয়ের চিত্র তিনি তুলে ধরেছেন। সাধারণ মানুষ ও নীতিনির্ধারকদের সচেতন করার প্রয়াস রয়েছে ছবিগুলোর মধ্যে।যশোরে নাট্যোৎসবের সমাপ্তিযশোর অফিস জানিয়েছে, মান্নান হীরার রচনায় কামরুল হাসানের নির্দেশনায় খেঁকশিয়াল ও সজনীকান্ত বন্দ্যোপাধ্যায়ের রচনায় শেখ জাহিদের নির্দেশনায় দাও ফিরে সে অরণ্য নাটক দুটি মঞ্চায়নের মধ্য দিয়ে যশোরে দুই দিনব্যাপী নাট্যোৎসব শেষ হয়েছে। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসের মধুমঞ্চে গতকাল মঙ্গলবার দুপুরে উৎসবের সমাপনী দিনে যশোর কলেজের বিবর্তন শাখা নাটক দুটি মঞ্চায়ন করে। এর আগে আলোচনা, নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশিত হয়।নাট্য সংগঠন বিবর্তন যশোর এম এম কলেজ শাখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার থেকে নাট্যোৎসবের আয়োজন করা হয়। সমাপনী দিনের অনুষ্ঠানের শুরুতে নাট্যোৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক তাগদীরুল গনীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক নমিতা রানী বিশ্বাস, বাংলা বিভাগের প্রভাষক মোফাজ্জেল হোসেন, রবিউল ইসলাম, সাংস্কৃতিক সংগঠন উচ্চারণের প্রতিনিধি অহিন পাল প্রমুখ। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল হাসান। অনুষ্ঠান উপস্থাপনা করেন আল্পনা পাল।পরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কলেজ শাখার বন্ধুরা সংগীত, নৃত্য বিতানের শিল্পীরা সমবেত নৃত্য ও বিবর্তনের বন্ধুরা সমবেত আবৃত্তি প্রযোজনা ‘সোজন বাদিয়ার ঘাট’ পরিবেশন করেন।