প্রচারে যৌথ, আসলে কলকাতার

• শুটিংয়ের শুরু থেকেই জানানো হয় ‘চালবাজ’ যৌথ প্রযোজনার ছবি।
• ইউটিউবে থেকে জানা যায়, এটি কলকাতার এসকে মুভিজের ছবি।
• অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান ও কলকাতার শুভশ্রী।
প্রায় এক বছর ধরে শোনা যাচ্ছিল শাকিব-শুভশ্রী জুটির ‘চালবাজ’ যৌথ প্রযোজনার ছবি। শুরু থেকে এমন প্রচারণা চালিয়ে আসছিল প্রযোজনা প্রতিষ্ঠান ভারতের এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। কিন্তু হঠাৎ করেই গতকাল রোববার সকালে ইউটিউবে ছবির ট্রেলার প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ‘চালবাজ’ কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের একক ছবি।
বিষয়টি এমনটা হওয়ার কারণ কী-জানতে চাইলে ভারতের এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা কলকাতা থেকে মুঠোফোনে বলেন, ‘ছবির শুটিংয়ের আগেই যৌথ প্রযোজনার নিয়ম মেনে অনুমতি চেয়েছিলাম। একাধিকবার চেষ্টা করেও অনুমতি পাইনি। এ কারণেই চালবাজ কলকাতার ছবি হিসেবে ঘোষণা করতে হচ্ছে।’
কিন্তু প্রায় এক বছর ধরে যৌথ প্রযোজনার ছবি হিসেবে প্রচার চালানোর কারণ কী-জানতে চাইল এই প্রযোজক বলেন, ‘চিত্রনাট্য জমা দিয়ে আবেদন করেছিলাম।’
অনুমতি না নিয়ে, শুধু আবেদনের পরিপ্রেক্ষিতে কি যৌথ প্রযোজনার নীতিমালায় শুটিং শুরু করা যায়? বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন, ‘না। যৌথ প্রযোজনার নীতিমালা পুরোপুরি অনুসরণ করে আদতে ছবি নির্মাণ সম্ভব নয়।’
বিষয়টিকে ‘প্রতারণা’ বললেন যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ‘চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে এটি একধরনের প্রতারণা। গত বছরের মে মাসে তুই শুধু আমার ও চালবাজ নামে দুটি ছবির চিত্রনাট্য জমা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠানদ্বয়। সে সময় তুই শুধু আমার যৌথ প্রযোজনায় তৈরির অনুমতি দেওয়া হলেও সঠিক নীতিমালা না মানার কারণে চালবাজ-এর চিত্রনাট্য পাস হয়নি। তারপরও যৌথ প্রযোজনার প্রচার দিয়ে চালবাজ-এর শুটিং শুরু করে তারা।’
মুশফিকুর রহমান গুলজার আরও বলেন, ‘প্রযোজকেরা মনে করেছিলেন, অনুমতি ছাড়াই শুটিং শেষ করে পরে ফাঁকফোকর দিয়ে অনুমতি নিয়ে যৌথ প্রযোজনা হিসেবে মুক্তি দেবেন। কিন্তু চলচ্চিত্রে সেই অনিয়ম আর হবে না।’
এদিকে এসকে মুভিজ থেকে জানানো হয়েছে, আগামী ১ বৈশাখ পশ্চিমবঙ্গজুড়ে ‘চালবাজ’ মুক্তি পাবে। দাপ্তরিক কাজ সময়মতো শেষ করতে পারলে একই দিনে অথবা এক সপ্তাহ পরে আমদানি নীতিমালা চুক্তিতে ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে তারা।
‘চালবাজ’ পরিচালনা করেছেন কলকাতার পরিচালক জয়দীপ মুখার্জি। এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, রজতাভ, সুব্রত, শিবা সানু, মাহমুদুল হক মিঠু প্রমুখ।