প্রচুর বই পড়ি: ইরেশ যাকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরেশ যাকের
ইরেশ যাকের

ইরেশ যাকের। অভিনয়শিল্পী। ২০০৭ সালে ‘শান্ত কুটির’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন তিনি। প্রথম নাটকেই সাবলীল অভিনয় উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নেন। ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন ইরেশ। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত দুটি চলচ্চিত্র। একটি অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’, আরেকটি স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের ‘নমুনা’। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে। এখানে তিনি ‘ড্যানি’ নামে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রের কাজসহ ব্যক্তিগত নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে ইরেশ...
আমার কাছে চরিত্র কোনো মুখ্য বিষয় নয়, অভিনয়ই আসল। আমি যে চরিত্রেই অভিনয় করি না কেন সেটা দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করি। ইতিবাচক চরিত্র সবাই পছন্দ করবে এটাই স্বাভাবিক। কিন্তু নেতিবাচক চরিত্রে আমাকে যখন সবাই অপছন্দ করবে ঠিক তখনই আমি বুঝব, অভিনয়ের জায়গায় আমি সফল হয়েছি। তবে আমি মনে করি, নেতিবাচক চরিত্রে অভিনয় করা অনেক চ্যালেঞ্জিং।

নায়ক চরিত্রে ইরেশ...
আমি মূলত সব রকম চরিত্রেই অভিনয়ে আগ্রহী। আমার ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যায় এরকম ভালো গল্প ও চরিত্র পেলে নায়ক চরিত্রে অভিনয় করতে আমার আপত্তি নেই। তবে শারীরিকভাবে তখন আমাকে একটু তৈরি হতে হবে। মানে ওজন কমাতে হবে।
‘ড্যানি’ চরিত্র সম্পর্কে কিছু বলবেন কি?
আমি এখনই এই চরিত্র সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। শুধু বলতে চাই, এই চরিত্রটা নেতিবাচক হলেও অনেক মজার।
নাটকে কম অভিনয় করার কারণ?
আমি আসলে সপ্তাহে পাঁচ-ছয় দিন অফিস করি। কাজের ফাঁকে যতটুকু সময় পাই তখন অভিনয় করি। বর্তমানে ছোটপর্দায় কম আসার কারণ হলো আমি নিজেকে অনেক বিশ্লেষণ করতে চাই। একটু থেমে থেমে কাজ করলে নিজেকে যেমন নতুনভাবে আবিষ্কার করা যায়, তেমনি দর্শকদের চাহিদাও বোঝা যায়। আমি মানসিক চাপ নিয়ে কাজ করতে চাই না।
আপনার প্রিয়-সহশিল্পী...
শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপি, জয়া, তারিন ও তিশা। তাঁদের প্রত্যেককেই আমার অনেক ভালো লাগে।
অবসরে কী পছন্দ?
সময় পেলেই টিভিতে ফুটবল এবং ক্রিকেট খেলা দেখি। আর প্রচুর বই পড়ি আমি। আমার সংগ্রহে অনেক লেখকের বই আছে।
আলোকচিত্রী ইরেশ...
আমি আসলে মনের আগ্রহ ও শখ থেকে ফটোগ্রাফি করি। এটা কখনো পেশা হিসেবে নিতে চাই না।
যখন মন চায় তখনই ছবি তুলি। যখন ক্যামেরা হাতে থাকে না, তখনো চোখ দিয়ে ছবির দৃশ্যটা ধারণ করার চেষ্টা করি। আমার আবেগ, অনুভূতি ও আগ্রহের জায়গা থেকে সারাজীবন ফটোগ্রাফি করে যেতে চাই।