প্রচ্ছদকন্যা পেরির নানা প্রস্তুতি

এই প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল-বিষয়ক মার্কিন ম্যাগাজিন ‘ভোগ’-এর প্রচ্ছদকন্যা হয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী কেটি পেরি। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নজরকাড়া প্রচ্ছদকন্যা হওয়ার জন্য তিন মাস ধরে নানা প্রস্তুতি নিয়েছেন বলে সম্প্রতি জানিয়েছেন তিনি।
প্রথমবারের মতো ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে নজরকাড়া উপস্থিতি নিশ্চিত করতে একরকম উঠেপড়ে লেগেছিলেন ২৮ বছর বয়সী এ তারকা। যথেষ্ট প্রস্তুতি নেওয়ার পরই কেবল প্রচ্ছদকন্যা হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ‘ফিমেলফার্স্ট’ পত্রিকা।
এ প্রসঙ্গে কেটি পেরির ভাষ্য, ‘নিজেকে “ভোগ” ম্যাগাজিনের প্রচ্ছদে সুন্দরভাবে উপস্থাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্য বাড়াতে নিজেকে একরকম পরিশুদ্ধই করেছি বলা যায়। তিন মাস আমি অ্যালকোহল ছুঁয়েও দেখিনি। কফির অভ্যাস ত্যাগ করে সবুজ চা ধরেছি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভিটামিনযুক্ত খাবার বেশি বেশি খেয়েছি। সম্পূরক খাবারও খেয়েছি।’
এর আগে ‘ভ্যানিটি ফেয়ার’, ‘ইলে’, ‘কসমোপলিটন’, ‘গ্ল্যামার’ ও ‘সেভেন্টিন’ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়েছিলেন কেটি পেরি।