প্রজন্ম চত্বর নিয়ে প্রতুলের গান
কবীর সুমনের পর এবার শাহবাগের প্রজন্ম চত্বর নিয়ে গান তৈরি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের আরেকজন গুণী শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। জানা গেছে, গত শুক্রবার তিনি গানটি লিখেছেন আর সুর দিয়েছেন রোববার। গানটির স্থায়ী অংশটুকু হলো: ‘ধর্মের নামে নিপীড়ন আর ধর্মের নামে খুন/ রুখতে দাঁড়াল বাংলাদেশের তরুণী আর তরুণ/ শোক হয়ে ওঠে ঘৃণার আগুন পবিত্র শাহবাগে/ তাঁদের সঙ্গে কণ্ঠ মেলাতে এখনো ইচ্ছা জাগে।’আজ বুধবার কলকাতার একাডেমি অব ফাইন আর্টস প্রাঙ্গণে শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য ‘শাহবাগ সংহতি’ সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে গানটি গাইবেন প্রতুল।গতকাল মঙ্গলবার দুপুরে প্রতুল বললেন, ‘শাহবাগের প্রজন্ম চত্বরের কথা পত্রিকায় পড়ে জেনেছি। লোকমুখেও শুনেছি। শুনেছি, ওই আন্দোলনে কেউ কেউ নাকি আমার গানও গাইছে। আমার পক্ষে তো এখনই ওখানে গিয়ে সেই তরুণদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্লোগান দেওয়া সম্ভব নয়। তাই একটি গান দিয়ে কলকাতা থেকে সেই তরুণদের সঙ্গে সংহতি প্রকাশ করেছি।’