প্রজন্ম চত্বর নিয়ে প্রতুলের দ্বিতীয় গান
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরে চলছে তরুণদের আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দ্বিতীয় গান তৈরি করেছেন এবং তাতে কণ্ঠ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। গত শুক্রবার বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস প্রাঙ্গণের মেহগনি চত্বরে আয়োজন করা হয় ‘শাহবাগ সংহতি সমাবেশ’। এখানে শাহবাগ আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেন কলকাতার কয়েকজন বুদ্ধিজীবী। ‘জেগে আছে শাহবাগ, পাশে আছে কলকাতা’ আহ্বান নিয়ে আয়োজিত সমাবেশে প্রতুল গেয়ে শোনান তাঁর নতুন গান, ‘শাহবাগ আজ শাহবাগে নেই, এখন সে নওজোয়ানবাগ/ এই ফাগুনে দেখ সেখানে, তাজা ফুলের রক্তবাগ’। প্রতুল বললেন, ‘আমি তো ফেসবুক ব্যবহার করি না। তাই আমার গানগুলো শাহবাগের প্রজন্ম চত্বরের তরুণদের কাছে পৌঁছাতে পারছি না। কিন্তু নতুন নতুন গান তৈরি করছি।’এর আগে গত বুধবার বিকেলে একই সমাবেশে প্রতুল গেয়েছিলেন প্রজন্ম চত্বর নিয়ে তাঁর প্রথম গান, ‘ধর্মের নামে নিপীড়ন আর ধর্মের নামে খুন/ রুখতে দাঁড়াল বাংলাদেশের তরুণী আর তরুণ/ শোক হয়ে ওঠে ঘৃণার আগুন পবিত্র শাহবাগে/ তাঁদের সঙ্গে কণ্ঠ মেলাতে এখনো ইচ্ছা জাগে’। সেদিন কলকাতার অন্যতম জনপ্রিয় ব্যান্ড দোহার গেয়েছিল প্রজন্ম চত্বর নিয়ে তাদের গান, ‘শাহবাগ মানে মুক্তিযুদ্ধের, অপরাধীদের ফাঁসি/ শাহবাগ মানে বাংলা ভাষা, বাংলাকে ভালোবাসি’।