প্রজন্ম চত্বরকে নাটক উত্সর্গ
শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের প্রতি নাটক উত্সর্গ করলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। স্বাধীনতার মাস মার্চের জন্য নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ এই নাটকের নাম ‘আলোর নাচন পাতায় পাতায়’। নাটকটি লিখেছেন অরুণ চৌধুরী। ২০১২ সালের ডিসেম্বরে এই নাটকের শুটিং শেষ হয়।চয়নিকা চৌধুরী বলেন, ‘প্রথম দিকে যখন নাটকটি নির্মাণ করি, তখন এটি ২৬ মার্চ প্রচারের চিন্তা-ভাবনা করি। সেভাবেই সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের প্রেক্ষাপটের সঙ্গে আমার নাটকের গল্পের অনেকটা মিল রয়েছে। ‘আলোর নাচন পাতায় পাতায়’ নাটকটি একেবারে এই সময়ের গল্প। তাই চ্যানেল কর্তৃপক্ষ বেশি দিন দেরি না করে উত্তাল মার্চের প্রথম দিন এটি প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে আমার নাটকটির মিল থাকায় আনন্দের মাত্রাটাও অনেকখানি বেশি। আর তাই আমিও নাটকটি শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের প্রতি উত্সর্গ করে তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন প্রকাশ করলাম।’‘আলোর নাচন পাতায় পাতায়’ নাটকটি প্রসঙ্গে চয়নিকা চৌধুরী আরও বলেন, ‘২০১০ সালে অরুণ চৌধুরীর কাছ থেকে গল্পটা নিই। নেওয়ার সময় লেখক একরকম আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে, আমি নাটকটি তার ভাবনা অনুযায়ী নির্মাণ করতে পারব কি না। আমিও তাঁকে পাল্টা চ্যালেঞ্জ করে বলেছিলাম, অবশ্যই পারব। দেশের জন্য এমন একটি নাটক নির্মাণ করতে পেরে আমি সত্যিই গর্বিত। এই নাটকের একটি বিষয় দেখে আমি সত্যিই অবাক হয়েছি, অরুণ দুই বছর আগে গণজাগরণের মতো একটা চিন্তা করে গল্পটি লিখেছেন। আমার বিশ্বাস, নাটকটি অনেকেরই ভালো লাগবে।’‘আলোর নাচন পাতায় পাতায়’ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, হাসান ইমাম, রওশান আরা হোসেন, চঞ্চল চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, নাফিজা জাহান, দীবা, মাসুদ আলী খান, সাবা প্রমুখ।এটিএন বাংলায় আজ রাত আটটায় প্রচারিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ নাটক ‘আলোর নাচন পাতায় পাতায়’। উল্লেখ্য, চয়নিকা চৌধুরী এর আগে আরও চারটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নাটক নির্মাণ করেন। নাটকগুলোর নাম ‘মায়া’, ‘একলা চলো রে’, ‘চলমান ছবি’ ও ‘তোমার পরে ঠেকাই মাথা’।