প্রজন্ম চত্বরে অনন্ত-বর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার শাহবাগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে ৫ ফেব্রুয়ারি থেকে তরুণ প্রজন্ম আন্দোলন করছে। প্রতিদিনই এই আন্দোলনের সঙ্গে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশাপাশি সংস্কৃতিকর্মীরাও তাঁদের অবস্থান থেকে সংহতি জানিয়ে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের সামনে রাজু ভাস্কর্যে আয়োজিত অনুষ্ঠানে এসে সংহতি জানান চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় জুটি অনন্ত ও বর্ষা। রাত আটটার কিছু সময় পরই তাঁরা শাহবাগে পৌঁছান। ছিলেন প্রায় ঘণ্টা খানেকের মতো। অনন্ত জলিলের সঙ্গে তাঁর পোশাক কারখানার প্রায় ৫০০ শ্রমিকও যোগ দেন। তাঁরাও যুদ্ধাপরাধের ফাঁসির দাবির প্রতি সংহতি জানান।অনন্ত বলেন, ‘শাহবাগের এই দাবি এখন পুরো জাতির। এটি এখন বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। শাহবাগের তরুণদের এ ধরনের আন্দোলন আমাকে অনেক বেশি সাহস জুগিয়েছে। আমি সব সময় বাংলাদেশ নিয়ে আশাবাদী। তরুণ প্রজন্মের এই উচ্ছ্বাসের মধ্য দিয়ে সুন্দর বাংলাদেশেরই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। শাহবাগের অন্য সবার মতো আমি বলতে চাই, রাজাকারের ফাঁসি চাই, রাজাকারমুক্ত বাংলাদেশ চাই।’অনন্ত-বর্ষা ছাড়াও শাহবাগের আন্দোলনের সঙ্গে গতকাল সংগীত অঙ্গনের অনেকেই সংহতি জানিয়ে গান পরিবেশন করেছেন। ব্যান্ড দলগুলোর মধ্যে জাগরণ, ওয়ারফেজ, চিরকুট, মৃত্তিকা, দৃক, মেকানিক্স ও শূন্য আর একক শিল্পীদের মধ্যে ইমন সাহা, নিশিতা বড়ুয়া, শহীদ, কিশোর, কোনাল, শফিক তুহিন, পারভেজ, জয় শাহরিয়ার, লিজা, সাজু, আতিক ও পরান গান করেন।পুরো আয়োজনের সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা।