প্রজন্ম চত্বরে সেলিমের পথনাটক ‘ঠ্যারো’
রাজধানীর শাহবাগে প্রজন্ম চত্বরে তরুণদের গণজোয়ারে সংহতি প্রকাশের জন্য আজ ১৬ ফেব্রুয়ারি রাত আটটায় মঞ্চস্থ হবে গিয়াসউদ্দিন সেলিমের লেখা পথ নাটক ‘ঠ্যারো’। নাটকটি মঞ্চস্থ করবেন ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহী’র ঢাকাস্থ নাট্যকর্মীরা। ‘মনপুরা’খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের লেখা ‘ঠ্যারো’ নাটকটির নির্দেশনা দিয়েছেন তোফাজ্জল লিটন । জানা গেছে, বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহীর যেসব কর্মীরা রাজধানী ঢাকায় আছেন তাঁরাই নাটকটিতে অভিনয় করবেন। নাটকটির রচয়িতা গিয়াস উদ্দিন সেলিম জানিয়েছেন, ৯০ সালের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সময় মুক্তিযুদ্ধভিত্তিক ঠ্যারো নাটকটির নিয়মিত মঞ্চায়ন করতাম। শাহবাগের আন্দোলনে এই নাটকের মাধ্যমে আমরা গণজোয়ারের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’‘বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহী’র ঢাকার সংগঠক সালেকীন রাজিব বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আমরা ঠ্যারো নাটকটি শাহবাগের প্রজন্ম চত্বরে মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছি। শাহবাগের প্রজন্ম চত্বরে ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহী’র ঠ্যারো নাটকটির অভিনয়শিল্পীরা হলেন সালেকীন রাজিব, তোফাজ্জল লিটন, হাসান শানু, বিথী সরকার, রফিক মুয়াজ্জিন, রাসেল পারভেজ, মিলন, সনি, রাশেদ এবং রুপা।