প্রজন্ম টকিজ: ওরা কারা?

ছোট্ট মেয়েটার নাম কাজল। একটা বাসায় কাজ করে সে।
তাকে একলা বাসায় তালা দিয়ে রেখে বাড়ির কর্তা-কর্ত্রী গেছেন বেড়াতে। বান্দরবানে।
তাতে অবশ্য কাজলের কোনো সমস্যা হচ্ছে না। সে একা ঘুরে ঘুরে ঘরের কাজ করে, অ্যাকুরিয়ামের মাছের সঙ্গে কথা বলে, টিভিতে কার্টুন দেখে হি হি করে হাসে।
এমন সময় ফোন করে কাজলের ভাই। সে জানায়, ‘মা আর নাইরে। তুই জলদি বাড়িতে রওনা দে।’
কিন্তু রওনা দেওয়ার কোনো উপায় তো কাজলের নেই। কর্তা-কর্ত্রী তখন নেটওয়ার্কের বাইরে। ফ্ল্যাট বাড়িটায় অনুষ্ঠান চলছে। উচ্চ স্বরে বাজছে ডিজে, পুরো বাড়ি সাজানো হয়েছে ঝলমলে বাতি দিয়ে। সেখানে সদ্য মা-হারা একটা ছোট্ট মেয়ের আকুতি শোনার কেউ নেই।

এটি একটি স্বল্পদৈর্ঘ্য ছবির গল্প। নাম অ্যাকুরিয়াম। ‘প্রজন্ম টকিজ’ নামের একটি ইউটিউব চ্যানেলে (goo.gl/ybfEFM) ছবিটি মুক্তি পেয়েছে গত ৪ জুন। নিয়মিত বিরতিতে এখন পর্যন্ত নয়টি স্বল্পদৈর্ঘ্য ছবি আপলোড হয়েছে এই ইউটিউব চ্যানেলে। ‘ওয়েব সিরিজ’টির (অনলাইন ধারাবাহিক) প্রতিটি গল্পই ভাবায়, মুগ্ধ করে। গত ২০ এপ্রিল প্রথম পর্ব (একইপথে) মুক্তির পর থেকেই অনলাইনে প্রজন্ম টকিজ দর্শকের প্রশংসায় ভাসছে। ফিল্ম নয়ের নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হচ্ছে ছবিগুলো। একেকটি পর্বে কাজ করছেন একেকজন পরিচালক, চিত্রগ্রাহক। একইপথে, একশটাকা, কাচবৃষ্টি, কলম্বাস, মা, অ্যাকুরিয়াম, পুনরাবৃত্তি, উপসংহার আর নিমন্ত্রণ—প্রতিটি পর্বেই যত্নের ছাপ স্পষ্ট, প্রতিটি গল্পেই একটা বার্তা দিতে চেষ্টা করেছেন নির্মাতারা।
বাংলাদেশে ‘ওয়েব সিরিজ’-এর ধারণা এখনো নতুন। ফেসবুকে তাই এই নতুন ঘরানাটি নিয়ে বেশ আলোচনা চলছে। অনেকে নিজের প্রোফাইলে ভিডিওগুলো শেয়ার করছেন, ফেসবুকে সিনেমাপ্রেমীদের গ্রুপগুলোতেও সিরিজটি আলোচিত। কৌতূহলী কেউ কেউ প্রজন্ম টকিজের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের মন্তব্যের ঘরে লিখছেন, ‘আপনারা কারা?’
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পরিচয় হলো একদল তরুণের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার হলে স্বল্পদৈর্ঘ্য ছবিগুলোর একটি প্রদর্শনীর আয়োজন করেছিল ফিল্ম নয়ের। প্রযোজনা প্রতিষ্ঠানটির কয়েকজন সেখানে ছিলেন। হলের ভেতর দর্শক যখন ছবিতে বুঁদ হয়ে আছেন, বাইরে দাঁড়িয়ে আমরা তখন আলাপটা সেরে নিলাম।
‘এই সিজনে আমরা সব মিলিয়ে মোট ১০টা ছবি মুক্তি দেব।’ বলছিলেন ফিল্ম নয়েরের প্রযোজকদের একজন সালেহ সোবহান। একশটাকা, মা ও পুনরাবৃত্তি—এই তিন ছবি পরিচালনাও করেছেন তিনি। আরেক প্রযোজক-পরিচালক সৈয়দ আহমেদ। বলছিলেন, ‘আমরা সেভাবে মোটা দাগে “সমাজ সচেতনতামূলক ছবি” বানাতে চাইনি। চেয়েছি এমন কিছু গল্প বলতে, যেগুলো দর্শককে ভাবাবে।’ এই গল্পগুলো গড়ে তোলার জন্য ফিল্ম নয়েরের একদল লেখক আছেন। প্রায় এক বছর ধরে তাঁরা প্রস্তুতি নিয়েছেন। সবাই মিলে কথা বলে, আলোচনা করেই একেকটা অনবদ্য ছোট দৈর্ঘ্যের ছবি তৈরি করছেন। ফিল্ম নয়েরের আহ্বানে কয়েকটি পর্ব পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন পরিচালক রবিউল আলম ও আবদুল্লাহ আল নূর। অ্যাকুরিয়াম ছবিটিতে ক্যামেরার পেছনে ছিলেন আয়নাবাজির চিত্রগ্রাহক রাশেদ জামান।
ছবির দৈর্ঘ্য ছোট হলেও কাজের ব্যাপারে যে এই তরুণেরা একটুও ছাড় দিতে রাজি নন, বোঝা গেল সালেহ সোবহানের কথায়। অ্যাকুরিয়াম নির্মাণের পেছনের গল্প বলছিলেন তিনি, ‘শুটিং হয়েছে রাশেদ জামান ভাইয়ের বাসায়। ছবিতে যে ছোট মেয়েটাকে দেখেছেন, সে তিন দিন রাশেদ ভাইয়ের বাসায় ছিল। বাসাটার সঙ্গে সে যেন মানিয়ে নিতে পারে, তাই রাশেদ ভাই-ই এই প্রস্তাব দিয়েছিলেন।’
বেশ ভয়ে ভয়ে প্রকল্পটা শুরু করেছিলেন এই তরুণেরা। অনলাইনে এমন ‘সিরিয়াস’ বিষয় নিয়ে বানানো ছবি দর্শক দেখবে তো? ১২-১৪ মিনিট দৈর্ঘ্যের ছবিগুলোতে দর্শকের মনোযোগ ধরে রাখা যাবে তো? সব আশঙ্কা ভুল প্রমাণ করে তরুণেরা ওয়েব সিরিজটি দেখছেন, প্রশংসা করছেন। আর ওদিকে অনুপ্রাণিত হচ্ছেন প্রজন্ম টকিজের পেছনের মানুষগুলো।