মুক্তির আনন্দ এসে ছুঁয়ে যায় মনের শিকড়। স্বাধীনতা—একটি শব্দ এসে ঠিক করে দিয়ে যায় চলার মসৃণ পথ। নতুন কালের নবযাত্রী ছেলেমেয়েদের কাছে মূর্ত হয় সোনালি অতীত। তারকারাও ব্যতিক্রম নন। মুক্তিযুদ্ধ নিয়ে নিজের যা স্মৃতি আছে, কিংবা যা শুনেছেন বড়দের কাছে, তারই বীজ তাঁরা বুনে যান সন্তানের মনে। আমাদের সংস্কৃতিজগতের বিভিন্ন ক্ষেত্রের তেমনই কয়েকজন তারকা জানাচ্ছেন, কীভাবে তাঁরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন স্বাধীনতার কথা...
তারকাদের সঙ্গে যাঁরা কথা বলেছেন: আলতাফ শাহনেওয়াজ, মনজুর কাদের, আদর রহমান, হাবিবুল্লাহ সিদ্দিক, শফিক আল মামুন, বিপাশা রায় ও নাদিয়া মাহমুদ
টেলিভিশন : বিপাশা হায়াত
চেয়েছিলাম সন্তানেরা যেন বাংলাদেশের নাগরিক হয়

আমার সন্তানেরা যখন খুব ছোট, তখন থেকেই ওদের রবীন্দ্রসংগীত শোনাতাম, দেখাতাম সত্যজিৎ রায়ের সিনেমা। চাইতাম, ছোটবেলা থেকেই ওরা যেন হয়ে ওঠে শুদ্ধ সংগীতের শ্রোতা, ওদের চোখগুলো যেন খুঁজে বেড়ায় সব সুন্দরকে। সেই চেষ্টাটা কতটুকু কাজে দিয়েছে জানি না। আমার ছেলে আরীব পড়ছে ক্লাস সিক্সে, ওর বয়স এখন ১৩। যখন দেখি ও বলে, রবীন্দ্রসংগীত শুনতে ওর খুব ভালো লাগে, তখন মনে হয় কিছুটা হলেও সেই চেষ্টাটা সার্থক হয়েছে।
আমার দুই সন্তানই (আরীব ও আরীশা) ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ছে। ওদের স্কুলে বাঙালি সংস্কৃতির চর্চাটা খুব ভালোভাবেই হয়ে থাকে। তারপরও কেন যেন মনে হয়, ওরা একটা দ্বিধান্বিত মনোভাব নিয়ে বেড়ে উঠছে। এই জিনিসটা আরও বেশি অনুভব করি, যখন বাংলাদেশের চ্যানেলগুলো দেখি। এতগুলো টিভি চ্যানেল এখন আমাদের দেশে, কিন্তু কোথাও শিশুদের নিয়ে ভালো কোনো আয়োজন থাকছে না। দেখা যায় যে টিভি দেখতে বসলে ওরা বিদেশি চ্যানেলে প্রচারিত শিশুদের অনুষ্ঠানগুলোর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। এভাবে মনের অজান্তেই ওই সংস্কৃতির ভেতরে ঢুকে যাচ্ছে ওরা। তারপরও যতটুকু দেশাত্মবোধ ওদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তার সর্বাত্মক চেষ্টাটা আমি আর ওদের বাবা (তৌকীর আহমেদ) করে থাকি।
স্কুলের কারিকুলামে মুক্তিযুদ্ধের গল্প পড়ে অনেক কিছুই জেনেছ ওরা। ওদের সব সময় বলি, অনেক শহীদের রক্তের বিনিময়ে এই দেশটাকে পেয়েছি আমরা। তাই তোমরা যে কাজটাই করো না কেন, একটা কথা কখনো ভুলে যেয়ো না, এই দেশের প্রতি তোমাদের একটা দায়িত্ববোধ রয়েছে। আরেকটা বিষয়, আমার দুই সন্তানকেই আমেরিকায় জন্ম দেওয়ার সুযোগ ছিল। কিন্তু আমি তা করিনি। সব সময় চেয়েছি আমার সন্তানেরা যেন বাংলাদেশি নাগরিক হয়ে বেড়ে ওঠে। এ জন্য অনেক কাছের মানুষেরাই আমাকে বোকা বলেছে।

টেলিভিশন : জাহিদ হাসান
ওরা জানে এটাই আমার গর্ব
আমার ক্ষেত্রে একটা ব্যাপার সব সময় ঘটে। আমি টিভি দেখছি, হয়তো রিমোট চেপে একেকটা চ্যানেলে ঘুরছি, দেখা গেল, কোনো বাংলাদেশি চ্যানেলে বিজয় দিবসের পুরোনো সাদা-কালো ছবি বা বিশেষ কোনো ভিডিও দেখানো হচ্ছে। আমি হয়তো সে চ্যানেল পার হয়ে আরেক চ্যানেলে যেতে চাচ্ছি। কিন্তু আমার মেয়ে পুষ্পিতা ও ছেলে পূর্ণ আমাকে থামিয়ে দেয়। বলে, ‘বাবা বাবা, এটা দেখি।’ মন থেকে বলি, ওই সময়টা আমার কাছে সবচেয়ে বেশি গর্বের মনে হয়। বাবা হিসেবে নিজেকে সার্থক মনে হয়। ওরা বিভিন্ন সময়ে স্বাধীনতা নিয়ে নানা প্রশ্ন করে। আমি সানন্দে উত্তর দিই। ওদের জানার আগ্রহ এমন; যুদ্ধের সময় আমার বয়স কত ছিল? আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধারা আসত কি না? আমি বঙ্গবন্ধুকে দেখেছি কি না, আমি সেক্টর কমান্ডার কয়জনকে দেখেছি? এসব প্রশ্ন করে প্রায়ই। আমি বারবারই সানন্দে উত্তর দিই। আমার কিন্তু এসব নিয়ে গল্প করতেও ভালো লাগে, গল্প শুনতেও ভালো লাগে।
আমার মনে হয়, আমাদের নতুন প্রজন্মের কাছে বিজয় দিবস বা দেশপ্রেমের ব্যাপারটি ছড়িয়ে দিতে আমাদের গণমাধ্যমগুলো একটা বড় ভূমিকা রাখে। বিজয়ের মাস এলেই টিভির কোনায় বাংলাদেশের পতাকা বা বিজয়ের চিহ্ন দেওয়া হয় এবং পত্রিকাগুলো বিশেষ লেখা প্রকাশ করে। এটা ওদের শেখার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। আর পারিবারিকভাবে যদি জানার সুযোগটা সৃষ্টি হয়, তাহলে নতুন প্রজন্মের জন্য অনেক বেশি সহায়ক হয়। স্বাধীনতা বা বিজয় দিবস এলেই ওদের স্কুলে নানা ধরনের কর্মকাণ্ড হয়। অনেক দিন ওরা বুকে কালো ব্যাজ ও মাথায় পতাকা বেঁধে আসে। আমার বিশ্বাস, ওরা আমাদের বিজয় দিবস, দেশপ্রেম সম্পর্কে এরই মধ্যে অনেক কিছু জেনে ফেলেছে। আর আমার গর্বের ব্যাপার এটাই।

নৃত্য : লুবনা মারিয়ম
আমি সন্তানকে মনুষ্যত্বের গল্প বলি
আমার কাছে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমি আমার সন্তানদের সবার আগে মনুষ্যত্বের শিক্ষা দিয়েছি। সেই সূত্র ধরেই তারা জেনেছে বাংলাদেশের জন্মের কথা, আমাদের স্বাধীনতার কথা, আমাদের বিজয়ের কথা।
আমি চাইনি জাতীয়তাবাদের শিক্ষাকে ধারণ করে আমার পরের প্রজন্ম দেশ বলতে অন্ধ হয়ে যাক। আমি সব সময় চেয়েছি, তারা যেন দেশপ্রেম বলতে মানুষের ভালোর জন্য কাজ করাকে বোঝে। তাদের সঙ্গে আমি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাস নিয়ে কথা বলতাম। আমাদের দেশটা যে সাংস্কৃতিক ইতিহাসের দিক থেকে কতটা প্রাচুর্যময়, তা তাদের ছোটবেলা থেকেই বোঝানোর চেষ্টা করতাম। এখন আনুশেহ্ তার গানে কিংবা যাত্রার (দেশীয় পোশাক ও পণ্য বিক্রয়কেন্দ্র) মধ্য দিয়ে দেশের সাংস্কৃতিক ইতিহাসকে যেভাবে তুলে আনছে, তা দেখে ভালো লাগে।
আমি এমনিতে একজন যুদ্ধবিরোধী মানুষ। কিন্তু যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের যে দেশকে পেয়েছি, সেখানে আর যুদ্ধ দেখতে চাই না। তাই মনুষ্যত্বের গল্প বলে আমি আমার সন্তানদের এ দেশের জন্য, দেশের সাংস্কৃতিক ইতিহাস নিয়ে কাজ করার তাগিদ দিয়েছি।

নৃত্য : শর্মিলা বন্দ্যোপাধ্যায়
অভিভাবকদেরই দায়িত্ব নিতে হয়
আমাদের পরিবারের সদস্যদের চিন্তাধারা এবং বাড়ির পরিবেশই এমন ছিল যে আমার মেয়ে তাথৈ ছোটবেলা থেকেই দেশ এবং দেশীয় সংস্কৃতি সম্পর্কে জানতে পেরেছে। ছোটবেলাতেই ওকে আমরা তারেক মাসুদ আর ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র মুক্তির গান দেখিয়েছিলাম। তখন থেকেই এটা দেখে ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চাইত। কীভাবে এ দেশের মানুষ পাশের দেশে শরণার্থী হয়ে পাড়ি জমিয়েছিল, কেন সেখানে গিয়েছিল, ওর মনে এসব প্রশ্ন জাগত। কীভাবে পাকিস্তানিরা আমাদের ওপর নির্যাতন চালিয়েছিল, কীভাবে আমরা দেশ স্বাধীন করলাম, সেই ঘটনাগুলো গল্পের ছলে ওকে আমি এবং ওর বাবা ভাস্বর বন্দ্যোপাধ্যায় সব সময় শুনাতাম।
আসলে আমার সন্তান বাড়িতে সব সময় এমন একটা সাংস্কৃতিক পরিবেশ পেয়েছে যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য অনেক ছোটবেলা থেকেই নিজের মধ্যে ধারণ করতে শিখে গিয়েছিল। ছায়ানটের ছাত্রী হওয়ার সুবাদেও তাথৈ বাংলাদেশের সংস্কৃতিকে খুব ভালোমতো জানার সুযোগ পেয়েছে। আমার মেয়েকে আমরা ইংরেজি মাধ্যমে পড়ালেও আপ্রাণ চেষ্টা করেছি ও যেন নিজের শিকড় সম্পর্কে জানতে পারে, যেন দেশকে ভালোবাসতে শেখে। আমি আর ওর বাবা ওকে সব সময় সেরা লেখকদের বাংলা বই এবং মুক্তিযুদ্ধ-বিষয়ক বই পড়তে উদ্বুদ্ধ করতাম। ও বই পড়েও দেশকে জেনেছে, জেনেছে মুক্তিযুদ্ধে বাঙালির ত্যাগ-তিতিক্ষার কথা।
শুধু নিজের সন্তানকেই নয়, আমার কাছে যে বাচ্চারা নাচের তালিম নেয়, ওদেরও আমি নানা সময় বাংলা সাহিত্য পড়তে দিই, এরপর জানতে চাই, পড়ে ওরা কে কী বুঝল। আসলে আমরা অভিভাবকেরা দায়িত্ব নিয়ে এই কাজগুলো না করলে আমাদের পরবর্তী প্রজন্ম দেশের গৌরবমাখা ইতিহাস জানতে পারবে না।

চলচ্চিত্র : ফারদিন
মুক্তিযুদ্ধ নিয়ে মায়ের রয়েছে অন্য রকম অনুভূতি
(চিত্রনায়িকা মৌসুমীর কাছে জানার ইচ্ছে ছিল, কীভাবে তিনি সন্তানের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তোলেন। কিন্তু তিনি ছিলেন দারুণ ব্যস্ত। কথা বলার জন্য তাঁকে পাওয়া যাচ্ছিল না। অগত্যা আমরা কথা বলেছি তাঁর সন্তান ফারদিনের সঙ্গে। ফারদিনই জানালেন, কীভাবে মায়ের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধকে ছুঁতে পেরেছেন) ছোটবেলা থেকেই চলচ্চিত্রে অভিনয় নিয়ে মাকে ব্যস্ত দেখে আসছি। তারপরও মা যতটুকুই সময় পেয়েছেন, আমাকে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন। নানা-নানির মুখ থেকে শুনেছি, তাঁদের বিয়ে হয়েছিল যুদ্ধের সময়। থাকতেন খুলনায়। ওই সময় অনেক মুক্তিযোদ্ধা নানাবাড়িতে এসে আশ্রয় নিতেন। নানি রান্না করে খাওয়াতেন। মা তো নিজে মুক্তিযুদ্ধ দেখেননি, নানা-নানির মুখে কাছ থেকে দেখা মুক্তিযুদ্ধের গল্প শোনানোর জন্য প্রায়ই মা আমাকে নানাবাড়ি নিয়ে যেতেন।
একটা জিনিস খেয়াল করে দেখেছি, মুক্তিযুদ্ধ নিয়ে মায়ের মধ্যে অন্য রকম অনুভূতি কাজ করে। মা সব সময়ই মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত নাটক, চলচ্চিত্র দেখতে আমাকে উৎসাহিত করেন। তাঁর সঙ্গে গিয়ে আমার বন্ধু রাশেদ ছবিটি দেখেছি। এখন তো প্রতিবছরই ১৬ ডিসেম্বরের দিনটি আমাদের পরিবারের সবাই অন্য রকমভাবে পালন করি। মা ও বাবা (ওমর সানী) দিনটিতে নানা আয়োজন করেন। দিনটিতে পরিবার ও আত্মীয়স্বজন আমাদের উত্তরার বাংলোতে একত্র হই। সকাল থেকে রাত পর্যন্ত বিজয় উৎসব করি। সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা হয়।

চলচ্চিত্র : ফেরদৌস
নুজহাতের প্রশ্নের ক্ষুধা মিটিয়েছি
আমার বড় মেয়ে নুজহাতের বয়স এখন সাড়ে নয় বছর। ওর একদিনের একটি ঘটনা। দিনটি ছিল ১৬ ডিসেম্বর। স্কুল থেকে মাথায় পতাকা বেঁধে বাড়ি ফিরেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ‘মাথার পতাকা বেঁধেছ কেন?’
নুজহাত বলল, ‘বাবা, আজ আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আজ বিজয় দিবস।’
কিন্তু মুক্তিযুদ্ধের পুরো ব্যাপারটি তখন ওর কাছে ছিল অজানা। আমি তাকে যুদ্ধের সময়ের কথা, দেশ কীভাবে স্বাধীন হলো, পুরো বিষয়টি বুঝিয়ে বললাম।
গেরিলা ছবিটি আমি নুজহাতকে দেখিয়েছি। ছবিটি দেখতে বসে তার অসংখ্য জিজ্ঞাসা। সব প্রশ্নের উত্তর দিয়েছি। ওর প্রশ্নের ক্ষুধা মিটিয়েছি। প্রেক্ষাগৃহে বসে আমার চরিত্রটি দেখে ও জিজ্ঞেস করেছিল, ‘বাবা, তুমি দেশের জন্য যুদ্ধ করেছিলে?’
আমি তাকে বোঝালাম, মুক্তিযুদ্ধের সময় কীভাবে দেশ স্বাধীন হয়েছিল, তা চলচ্চিত্রের মাধ্যমে তুলে আনা হয়েছে। সেখানে আমরা অভিনয় করেছি।
আরেকটি ঘটনার কথা বলি। আমি পোস্টমাস্টার-৭১ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছি। গল্পে পোস্টমাস্টার মুক্তিযুদ্ধে অংশ নেয়। তো, একদিন বাসায় বসে ছবির গল্প নিয়ে কথা হচ্ছিল। পাশেই বসা নুজহাত প্রশ্ন করে বসল, ‘বাবা, পোস্টমাস্টার কেন যুদ্ধ করবে।’
যুদ্ধের সময় দেশের মানুষ যার যার অবস্থান থেকে সবাই যুদ্ধ করেছিল, এটা ওকে বুঝিয়ে বললাম।
এ ছাড়া প্রতিবছরই ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ গলফগার্ডেনে সামরিক বাহিনীর বিশেষ অনুষ্ঠান হয়। প্রতিটি অনুষ্ঠানে আমি আমার সন্তানকে সঙ্গে নিয়ে যাই। আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তবে মুক্তিযুদ্ধের যে চেতনা আমি ধারণ করি, তা আমার সন্তানদের মধ্যে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করি।

সংগীত : কুমার বিশ্বজিৎ
আমার ছেলে মুক্তিযুদ্ধের ইতিহাস জানে
আমার ছেলে নিবিড় এখন ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে ক্লাস সেভেনে পড়ছে। সে কিন্তু স্বাধীন বাংলাদেশের জন্মের গল্প বেশ ভালো করেই জানে। সে জানে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে কারা হানা দিয়েছে, কত দিন যুদ্ধ হয়েছিল, কত মানুষ জীবন দিয়েছেন, কতজন বীরাঙ্গনা হয়েছেন—এসব ইতিহাস সে জানে। আর না জানলে কেমন করে হবে। তথ্যগুলো তাকে প্রতিনিয়ত আমিই দিয়ে দিচ্ছি।
আমার ছেলে কিন্তু পাশ্চাত্য সংস্কৃতি সম্পর্কেও ভালো জানে। কিন্তু নিবিড় সে আদর্শে বড় হচ্ছে না। বহু কষ্টে আমরা দেশটা পেয়েছি। আমার ছেলেও এসব কষ্টের কথা শুনে বিস্মিত হয়।
আমরা একান্নবর্তী পরিবারে বেড়ে উঠেছি। মুক্তিযুদ্ধের সময়টাতে পাকিস্তানি হানাদার বাহিনী আমার বাবা-মাকে ধরে নিয়ে যায়। কোনো খোঁজখবর যখন পাচ্ছিলাম না, তখন ভাবতে থাকি, বোধ হয় পাকিস্তানিরা তাঁদের মেরে ফেলেছে। দুই মাস পর অবশ্য বাবা-মা ফিরে আসেন। সে সময়টাতে আমরা শরণার্থীশিবিরে ছিলাম। এর মধ্যে খবর পেলাম, পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের সীতাকুণ্ডের বাড়িটি তছনছ করে ফেলেছে। মা-বাবা ছাড়া থাকার অনুভূতি ও ধ্বংসযজ্ঞের ব্যাপারগুলো নিবিড়কে বলেছি। এ ছাড়াও যাঁদের মা-বাবা মারা গেছেন, তাঁদের কী অবস্থা হয়েছিল, সেই গল্পও তাকে নানা সময়ে বলেছি। এগুলো শোনার মাধ্যমে সে মুক্তিযুদ্ধ ও বিজয়কে জানতে পেরেছে।
আমি সরাসরি যুদ্ধে অংশ না নিলেও যুদ্ধের আংশিক হলেও তো প্রত্যক্ষ সাক্ষী। আমার জীবনের প্রথম আয় ছিল শরণার্থীশিবির থেকে। সেখানে থাকার সময় আমাকে বাঁশের মাচায় ঘুমাতে হতো। অনেক কষ্ট ছিল। শিবিরে থাকতে গান গেয়ে পাঁচ টাকা পেয়েছিলাম। এটিই ছিল আমার প্রথম আয়। সেই টাকা দিয়ে একটা প্যান্ট ও এক জোড়া কবুতর কিনেছিলাম। আামি পশুপাখির প্রতি খুব দুর্বল ছিলাম। যখন শরণার্থীশিবিরে যাই, তখন পোষা কুকুরটাকে বাড়িতে ফেলে রেখে চলে যেতে হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বাড়িতে ফিরে দেখি, কুকুরটি আগের জায়গায় আছে। এ ধরনের নানা গল্প আমার সন্তানকে জানিয়েছি।

ব্যান্ড : ফোয়াদ নাসের বাবু
ঘটা করে শেখানো হয়নি
যুদ্ধের সময় আমার বয়স ছিল ১১ বছর। অনেক কিছুই স্পষ্ট মনে আছে। খুব কাছ থেকে সবকিছু দেখেছি। এসব গল্প পারিবারিকভাবে অনেক করা হয়। আমার মেয়ে পূর্ণা তাই সহজাতভাবেই এসব শুনতে শুনতে বড় হয়েছে। ঘটা করে আর বলা লাগেনি। তবে ওর সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়। যেমন একসঙ্গে কোথাও যাচ্ছি, কথা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা ব্যাপারটা চলে এলে ওর সঙ্গে অনেক কথা হয়। ও খুব ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের আবহের মধ্যে বড় হয়েছে। ওর জানার আগ্রহ বা শোনার আগ্রহ তৈরি হওয়ার আগেই এ বিষয়ে সে শুনেছে। তবে ওর সঙ্গে বেশি কথা হয়েছে মুক্তিযুদ্ধের গান নিয়ে। কারণ, যুদ্ধের সময় গান একটা বড় ভূমিকা রেখেছে আর আমিও গানের মানুষ। ওর জন্য এটা সুবিধাই হয়েছে বলা যায়।
পূর্ণা এখন বড় হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ওর নিজেরও একটা জগৎ তৈরি হয়েছে। আমার মনে হয়, ওর এখন এসব বিষয়ে আগ্রহ তৈরি হলে সহজেই নিজের মতো করে জানতে পারছে।

মঞ্চ : ত্রপা মজুমদার
জীবনাচরণের মধ্যেই মুক্তিযুদ্ধকে অনুভব করা যায়
আমার মেয়ে আত্রেয়ী আহসানের বয়স এখন ১০ বছর। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা—এই বিষয়গুলো আত্রেয়ীর কাছে আলাদা কোনো বিষয় নয়, বরং আমরা সব সময় চেষ্টা করি, ওর চারপাশের পরিবেশ এবং ওর বেড়ে ওঠার মধ্য দিয়ে যেন আত্রেয়ী মুক্তিযুদ্ধকে উপলব্ধি করতে পারে; ঠিক একইভাবে বেড়ে উঠেছি আমিও। ফলে, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, বঙ্গবন্ধু—এই শব্দগুলো আত্রেয়ীর খুব চেনা। কেননা, আমাদের জীবনাচরণের মধ্যেই আছে এই শব্দাবলির অনুভব। ফলে আত্রেয়ীর কাছে মুক্তিযুদ্ধের মর্ম পৌঁছে দেওয়ার জন্য আলাদাভাবে কিছুই করতে হয়নি আমাদের।
প্রতিবছর ১৪ ডিসেম্বরে ও ঠিকই বুঝতে পারে, এই দিনের তাৎপর্য। ২৬ মার্চ বা ১৬ ডিসেম্বরের ক্ষেত্রেও একই কথা বলা যায়। ২০১৩-তে যখন গণজাগরণ মঞ্চের জাগরণ ঘটল, তখন আমরা সব সময় থেকেছি শাহবাগে। সে সময় আত্রেয়ীও ছিল আমাদের সঙ্গে। তখন সে নিজে নিজেই বুঝেছে, স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধী কী, কেন ওদের বিচার হওয়া উচিত। এভাবে দৈনন্দিন জীবনযাপনের ভেতর দিয়েই প্রতিদিন মুক্তিযুদ্ধকে নিজের মধ্যে ধারণ করে আমার ছোট্ট মেয়েটি।
সংগীত : সামিনা চৌধুরী
আমার সন্তানদের মুক্তিযুদ্ধের কথা বলেছি

মুক্তিযুদ্ধের সময়টাতে আমরা থাকতাম ঢাকার এলিফ্যান্ট রোডে। বাবা-মা আর আমরা দুই বোন। তখনো অবশ্য আমার বোঝার মতো বয়স হয়নি। ১৯৭১ সালের ২৫ মার্চ হঠাৎ রাতের বেলা ঘুম ভেঙে গেলে দেখি মাথার খুব কাছে ছাদ। সঙ্গে সঙ্গে মাকে ঘুম থেকে ডেকে তুলি। মা ঘুম থেকে উঠেই বললেন, ‘চুপ চুপ’। বললেন, ‘আমরা সবাই কিন্তু খাটের নিচে।’
এই গল্প আমি আমার ছেলে বীরবল ও মেয়ে তেজীকে শুনিয়েছি। বীরবলের বয়স এখন ১৫, তেজীর ১৬। তারা আমার কাছ থেকে এ ধরনের গল্প শুনে মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা সম্পর্কে কিছুটা হলেও আঁচ করতে পারে।
তখন আমার বোঝার বয়স হয়নি, সে কথা আগেই বলেছি। তাই বাবা-মায়ের কাছ থেকে যা শুনেছি, সবই আমার সন্তানদের প্রতিনিয়ত শোনাই। তারাও আমার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনে শিহরিত হয়।
১৬ ডিসেম্বর আমার আব্বার জন্মদিন। সেদিন স্বাধীন বাংলাদেশেরও জন্ম। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা সবাই বাসার ছাদে গিয়েছিলাম। একসঙ্গে সবাই মিলে গান গেয়েছিলাম। ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গেয়েছিলাম। আমার সন্তানদের এসব ঘটনাও বলেছি।
আমার সন্তানেরা আমার গাওয়া কয়েকটি দেশের গান শুনে এসবের গল্প জানতে চায়। গানগুলো হচ্ছে, ‘মাগো আমার তুমি এত দেখেও চিনতে পারলে না’, ‘এক শহীদের বধূ আমি’, ‘বাংলাদেশ তুমি আমার পরিচয়’—এভাবেই নানা ঘটনার গল্প শুনে তারাও বিজয়টাকে ভালোভাবে উপলব্ধি করতে পারে।
মডেলিং : নোবেল
সন্তানদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হচ্ছে

আমার নিজের খালাতো ভাই ১৯৭১-এর একজন বীর মুক্তিযোদ্ধা। আমার সেই ভাই বয়সে প্রবীণ হয়ে গেলেও মানসিকতা ও ব্যক্তিত্বে এখনো বেশ দৃঢ়। তাঁর আপন ছোট ভাই মুক্তিযুদ্ধের সময় স্কুলছাত্র ছিলেন, তিনি যুদ্ধে শহীদ হন। দেশ স্বাধীন করে এসে আমার খালাতো ভাই জানতে পারেন, তাঁর আদরের ছোট ভাইটি আর বেঁচে নেই, দেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন।
আমার এই ভাই যখন মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন রোমহর্ষক ঘটনার বর্ণনা দেন, তখন মনে হয়, ঘটনাগুলো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি আমার সন্তানদের সঙ্গে নিয়ে তাঁর কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনি। আমার মেয়ে নামীড়া এখন নবম শ্রেণিতে পড়ে। ছেলে জুনাঈন পড়ে সপ্তম শ্রেণিতে। ওরা যখন নিজেদের ঘরেই এমন একজন বীর যোদ্ধা এবং একজন শহীদের গল্প শোনে, তখন স্বাভাবিকভাবেই নিজের দেশ নিয়ে, দেশের ইতিহাস নিয়ে গর্ব বোধ করে। বিষয়টা আমার খুব ভালো লাগে।
আমার মনে হয়, নতুন প্রজন্মকে এভাবেই আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে পারি। ওরা যখন বিষয়টা নিজে থেকে অনুধাবন করতে পারবে, তখন নিজেরাই আগ্রহী হয়ে এই বিষয়ে আরও জানতে চাইবে, পড়তে চাইবে। আমার সন্তানেরা তাদের চাচার কাছে যুদ্ধের গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছে, তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হচ্ছে।