প্রজাপতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকচিত্রে প্রজাপতি
আলোকচিত্রে প্রজাপতি

ফুলে ফুলে উড়ে বেড়ানো প্রজাপতি যে কারও দৃষ্টিতে ছড়ায় মুগ্ধতা আর মনে জাগায় প্রশান্তি। তবে রাজধানীতে বর্ণাঢ্য দৃষ্টিনন্দন শোভা দেখার সুযোগ তেমন নেই বললেই চলে।
রাজধানীবাসীর জন্য ফ্রেমবন্দী করে এই বহু বর্ণিল পতঙ্গটি দেখার সুযোগ করেছেন একদল তরুণ। দীর্ঘদিন ধরে দেশের আটটি জেলা ঘুরে বিচিত্র ধরনের প্রজাতি, তাদের বংশবিস্তার, আবাসস্থল ও নানা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছে বাটারফ্লাই অব বাংলাদেশ ইনভেনটরি—সেকেন্ড ফেস নামের দলটি।
তারা প্রজাপতিসংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি ছবি তুলেছে প্রজাপতির। সেসব ছবি নিয়ে ৮ নভেম্বর থেকে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হচ্ছে ‘ছবি দেখে শেখা’ নামের প্রদর্শনী।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন বাটারফ্লাই ইনভেনটরি দলের সদস্যরা।
এতে জানানো হয়, ৮ নভেম্বর বিকেল চারটায় সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রজাপতিবিষয়ক একটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হবে।
আয়োজক সংগঠনের সদস্য মির্জা শামীম আহসান বলেন, প্রদর্শনীতে সব মিলিয়ে ৬৪ প্রজাতির প্রজাপতির ৮২টি আলোকচিত্র স্থান পাবে। বিশাল আকারের প্রতিটি ছবিতে প্রজাপতিগুলোর বৈজ্ঞানিক পরিচিতি, কী ধরনের গাছে বসবাস করে এবং পাখার দৈর্ঘ্য সম্পর্কে তথ্য দেওয়া থাকবে। প্রজাপতির বৈজ্ঞানিক তথ্যের পাশাপাশি নান্দনিক রূপ তুলে ধরা হবে প্রদর্শনীতে।
প্রজাপতিবিষয়ক এই ইনভেনটরি দলের সদস্যরা হলেন শাহতাবুল ইসলাম, অভ্র ভট্টাচার্য, কাজী ফরহাদ ইকবাল, মনোয়ার মাহমুদ, সিকদার নিজামুল হক, সাইফুদ্দিন সাইফ, মারুফুল আলম প্রমুখ।
প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।