প্রথম গান দিয়ে আলোচনায় চলে আসাটা সত্যিকার অর্থে সৌভাগ্যের ব্যাপার। সেই হিসাবে রাজবাড়ীর মেয়ে আবিদা করিম সৌভাগ্যবতী বটে। কয়েক বছর আগের কথা। তখন আবিদা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষে পড়ছেন। ছুটিতে বাড়ি গেলেন। সকালে আনমনে হাঁটছিলেন। একটা প্রজাপতি নজরে এল। হঠাৎ মাথায় এল কয়েকটি কথা, ‘প্রজাপতিটা যখন-তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন, বসে আমার আকাশজুড়ে...।’ সুরও এল মনে মনে। পরে সেটি ডায়েরিতে স্থান করে নিল। এটাই ছিল আবিদার লেখা ও সুরারোপিত প্রথম কোনো গান। তাহলে সৌভাগ্যবতী না বলে কী বলা যায় আবিদাকে?না, ‘প্রজাপতি’ গানের মতো হুট করে গানের ভুবনে চলে আসেননি। আবিদার জন্ম রাজবাড়ীতে। সেখানেই বেড়ে ওঠা। বাবা মকবুল হোসেন ছিলেন গণসংগীতশিল্পী। গানের হাতেখড়িটা তাই শিল্পী বাবার কাছেই। উচ্চমাধ্যমিক শেষে চলে আসেন ঢাকায়। ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিষয় নাটক হলেও আবিদা জোর দিয়েছেন গানের দিকে। লিখেছেন, সুর দিয়েছেন। তারপর আরও কিছু গান লিখে সেগুলোর সুর দেন। বর্তমানে আবিদা ওস্তাদ অনিল কুমারের কাছে উচ্চাঙ্গসংগীতের তালিম নিচ্ছেন। উচ্চাঙ্গসংগীত নিয়ে একটা সুখের স্মৃতিও আছে তাঁর। উচ্চাঙ্গসংগীত গেয়ে ১৯৯৫ সালে শিশু একাডেমী থেকে প্রথম পুরস্কারটি পান। আবিদা বলেন, ‘ছোটবেলা থেকেই গানের প্রতি আমার অন্য রকম ভালোবাসা। তখন শুধু গাইতাম। ধীরে ধীরে লেখা ও সুরটাও আয়ত্ত করে ফেলি। তাই এখন আগের চেয়ে ভালোবাসাটাও বেড়ে গেছে। ইচ্ছা আছে গানে নিয়মিত হওয়ার।’ গানে নিয়মিত হওয়ার আশায় নিজেকে সেভাবেই গড়ারও চেষ্টা করছেন আবিদা।‘প্রজাপতি’ গানটি ছিল ঝালমুড়ি-১ শিরোনামের একটি মিশ্র অ্যালবামের। অর্ণবের সংগীতায়োজনে অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ২০০৭ সালে। প্রজাপতি গানের পর নতুন করে আবিদা আলোচনায় এসেছেন ফিরে এসো বেহুলা চলচ্চিত্রের ‘ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে ঝরে পড়ুক’, ‘যা যারে যা’—দুটি গান দিয়ে। চলচ্চিত্রের গানের অ্যালবামটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে। গানগুলো পছন্দও করেছে শ্রোতারা। আর এফএম রেডিওর বদৌলতে সেই গানের কথা শ্রোতাদের মুখে মুখে। অডিওতে গান করলেও এখনই চলচ্চিত্রের গান করতে চাননি আবিদা। কথা প্রসঙ্গে আবিদা বলেন, ‘ফিরে এসো বেহুলা চলচ্চিত্রের পরিচালক তানিম নূর আমার বন্ধু। তাঁর আবদার রক্ষা করতে গিয়েই গান করলাম।’ কাজটি করতে গিয়ে বরং উপভোগই করেছেন তিনি। এ চলচ্চিত্রের একটি গানে তাঁর সঙ্গেই দ্বৈত গেয়েছেন জীবনসঙ্গী অর্জুন।নাট্যতত্ত্ব বিষয়ে স্নাতক শেষ করেছেন। এখন কী নিয়ে ব্যস্ত? আবিদা এককথায় জবাব দেন, গান নিয়ে। আবিদা তৈরি করছেন নিজের প্রথম একক অ্যালবাম। গানের কথা লেখা, সুর করা এবং গাইতেও জানেন আবিদা। তবে সংগীতায়োজনই বা বাকি থাকবে কেন? আবিদা জানান, সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চান তিনি। অচিরেই হয়তো নতুন এই পরিচয়ে দেখা যাবে তাঁকে।নিজের গলায়, নিজের লেখা আর সুরে, সেই সঙ্গে সংগীতায়োজনে একদিন বহুদূর এগিয়ে যাবেন আবিদা। গানে গানে ভালোবাসার বৃষ্টি ঝরিয়ে কেড়ে নেবেন শ্রোতার হূদয়। আবিদার আকাশজুড়ে এখন কেবলই গান। সেই গানের সুরে সুরে পাড়ি দেবে নিজস্ব আকাশ, গানের মহাকাশ।